ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন যাওয়ার জন্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। বৃহস্পতিবার রাত ৯ টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তার লন্ডন রওনা হওয়ার কথা।
একটি অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছান তারেক।
তার আইনজীবী আহমেদ আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারেকের সঙ্গে স্ত্রী ডা জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, জোবাইদার বড় বোন শাহিনা আক্তার খান বিন্দু, বিন্দুর স্বামী অবসরপ্রাপ্ত কমডোর শফিউজ্জামান ও তারেকের চিকিৎসক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন একই বিমানে লন্ডন যাচ্ছেন।
এর আগে বুধবার তারেক রহমানের যুক্তরাজ্য যাওয়ার কথা থাকলেও সরকারের অনুমতি না পাওয়ায় তিনি রওয়ানা হতে পারেননি বলে অভিযোগ করেন তার আইনজীবীরা।
ডা. মাজহারুল ইসলাম দোলন জানান, তারেক রহমান কোমর ও মেরুদণ্ডে ব্যথা অনুভব করছেন। তিনি দেশবাসী ও দলী নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
অ্যাডভোকেট আহমেদ আজম খান জানান, তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। প্রয়োজনে তাকে জার্মানিতেও নেওয়া হবে।
তারেককে বিদায় জানাতে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর কয়েক হাজার নেতা কর্মী হাসপাতালও বিমানবন্দরে উপস্থিত হন।
এর আগে তারেকের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সকালে জামিনে মুক্তি পান। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অসুস্থ ছেলের পাশে কিছুক্ষণ সময় কাটান তিনি।
বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া সাংবাদিকদের জানান, তার ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সুস্থ না হওয়া পর্যন্ত আর রাজনীতি করবেন না।
গত বছরের ৮ মার্চ ভোররাতে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেককে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলায় জামিন পাওয়ার পর গত ৩ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান তারেক। তবে অসুস্থতার কারণে মুক্তি পাওয়ার পরও হাসপাতালেই অবস্থান করেন তিনি।
তারেককে গ্রেপ্তারের পর গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও গ্রেপ্তার করা হয়। সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে কোকো বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ড রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/জেকে/১৯৩০ ঘ.
bdnews24