২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব নিয়েই হাসিনার নিঃশর্ত মুক্তি ও নির্বাচন চেয়েছেন জলিল

সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই সর্বাগ্রে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি ও সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল। ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে আব্দুল জলিল সাংবাদিকদের একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই সর্বাগ্রে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি ও সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল। ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে আব্দুল জলিল সাংবাদিকদের একথা বলেন। জলিল সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বলেন, "আমি জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড শুরু করছি। আমরা চ্যালেঞ্জ, আওয়ামী লীগকে সুসংগঠিত করা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই চলছে তাকে বিজয়ের পথে নিয়ে যাওয়া এবং আগামী নির্বাচনে দল যাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবার জনগণের সেবা করতে পারে সে জন্য কাজ করে যাওয়া।" আব্দুল জলিল বলেন, "শেখ হাসিনাই বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে পারবে।" কারামুক্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেশবাসীর সহযোগীতা চেয়ে বলেন, "আমার সবচেয়ে বড় কাজ হবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। শেখ হাসিনার স্থায়ী মুক্তির জন্য আমি লড়াই চালিয়ে যাবো। তিনি যেনো বিনা শর্তে আমাদের মাঝে ফিরে দেশবাসীর দায়িত্ব নিতে পারেন।" উপজেলা নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। এ বিষয়ে দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।" আওয়ামী লীগ নিবন্ধন করতে গঠনতন্ত্র পরিবর্তনের জন্য সম্মেলন করবে কিনা - এরকম এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সম্মেলন করতে হলে করবো। আওয়ামী লীগের সম্মেলন করতে তো কোনো অসুবিধা নেই।" আব্দুল জলিলের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় সেখানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, আইন বিষয়ক সম্পাদক সাহারা খাতুন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াফেস ওসমান, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রিয় বিভাগীয় উপকমিটির সহ-সম্পাদক এস এম কামাল হোসেন, খালিদ মাহমুদ চৌধুরীসহ সহযোগী সংগঠনের শতাধিক নেতা - কর্মী সেখানে উপস্থিত ছিলেন। বুধবার হাইকোর্ট আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাকে অর্ন্তর্বতীকালীন জামিন দেয়। প্যারোলে মুক্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পক্ষে মঙ্গলবার আদালতে জামিনের আবেদন করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গত বছরের ২৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করে। এর আগে গত বছরের ৮ আগস্ট জলিলকে সম্পত্তির হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দেয় দুদক। মামলায় জলিলের বিরুদ্ধেজমা দেওয়া হিসাব বিবরণীতে ৬৩ লাখ ৮২ হাজার টাকার সম্পত্তি কম দেখানো এবং ৬৫ লাখ ২৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়। গত বছরের ২৮ মে জলিলকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ বছর ২ মার্চ চিকিৎসার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে গত ৩১ আগস্ট তিনি দেশে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম