ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের মুক্তির দিন দলের সাবেক সাংসদ বিলকিস ইসলাম লাঞ্ছিত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলীয় ২০ জন সাবেক সাংসদ।
সোমবার এক যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
জাতীয়তাবাদী মহিলা দলের প্যাডে বিএনপির সহসভাপতি সারোয়ারি রহমানের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, "বিএনপির ভাবমূর্তি বিনষ্টকারী শক্তি ওই ঘটনা ঘটিয়ে তারেক রহমানের মুক্তির আনন্দকে ম্লান করার অপকৌশল চালিয়েছে।"
বিবৃতিতে স্বাক্ষর করেন- বিএনপির সহসভাপতি সারোয়ারি রহমান, রাবেয়া চৌধুরী, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, সাবেক সাংসদ খালেদা রব্বানী, নূর জাহান ইয়াসমীন, সৈয়দা নার্গিস আলী, হেলেন জেরিন খান, ফেরদৌস আখতার ওয়াহিদা, ফাহিমা হোসাইন জুবলি, নূরে আরা সাফা, জাহান পান্না, রেজিনা ইসলাম, রিনা পারভিন, খালেদা পান্না, রাশেদা বেগম হীরা, সুলতানা আহমেদ, ইয়াসমীন আরা হক, খোদেজা এমদাদ লতা, নুরে আফরোজ জ্যোতি, সাহানা রহমান ও রায়হান আখতার বানু।
গত ৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে তারেক রহমানের মুক্তির আগ মুহূর্তে দলের একটি অংশের কর্মীদের হাতে লাঞ্ছিত হন বিলকিস ইসলাম।
সেদিন একই স্থানে সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন ও যুবদল সভাপতি বরকতউল্লাহ বুলুও লাঞ্ছিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৮ ঘ.
bdnews24