ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোন দল বা গোষ্ঠীর জন্য গণতন্ত্র বাধাগ্রস্ত হতে পারে না বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল।
কোন জোটের কাছে জাতি তার ভবিষ্যত ইজারা দেয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপকে সামনে রেখে সোমবার দুপুরে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে জাসদ নেতা একথা বলেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
অন্যতম প্রধান দল বিএনপিকে ছাড়া সংলাপ বা আগামী জাতীয় সংসদ নির্বাচন ফলপ্রসূ হবে কিনা- বৈঠকের পর সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাদল বলেন, "কোনো একটি দলের জন্য গণতন্ত্র বাধা হতে পারে না। কোন জোটের কাছে জাতি তার ভবিষ্যত ইজারা দেয়নি।"
রোববার নির্ধারিত বৈঠকে বিএনপি যোগ দিতে অস্বীকৃতি জানানোর পর সঙ্গে তাদের সঙ্গে বৈঠক ছাড়া সংলাপ শেষ হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা । তিনি বলেছিলেন, বিএনপির জন্য নির্বাচন কমিশন অপেক্ষা করবে।
জাসদ কার্যকরী সভাপতি আরও বলেন, "জাসদ অবিলম্বে জরুরি আইন প্রত্যাহার চায়। আমরা সবার আগে জাতীয় নির্বাচন চাই। জাতীয় নির্বাচন বাধ্যতামূলক আর উপজেলা নির্বাচন আইনসিদ্ধ।"
রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে বাদল বলেন, "কিছু বিষয় নিবন্ধনকে দুরূহ করে ফেলেছে। এ বিষয়গুলো স্থগিত করতে হবে যেন রাজনৈতিক দলগুলো নিবন্ধিত হতে পারে।"
সৌদি রাষ্ট্রদূতের বাসায় আদর্শিকভাবে বিপরীত মেরুর দল স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর ইফতার পার্টিতে আওয়ামী লীগের অংশগ্রহণকে 'দুর্ঘটনা' আখ্যায়িত করেন বাদল। জাসদ নেতা বলেন, "আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান আমাদের বলেছেন, সেটি ছিল একটি দুর্ঘটনা।"
এ প্রসঙ্গে বাদল আরও বলেন, "১৪ দলের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি থাকতে পারে। তবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অমরা সবাই একমত।"
কমিউনিস্ট কেন্দ্র ও গণ আজাদী লীগের সঙ্গে বৈঠক
পরে আওয়ামী লীগের সঙ্গে কমিউনিস্ট কেন্দ্রের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়।
বৈঠক শেষে কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান জরুরি আইন প্রত্যাহার ও আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বলেন, "রোডম্যাপ অনুযায়ী অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।"
পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সামনে নিয়ে আসতে হবে বলেও মত দেন তিনি।
সব শেষে গণ আজাদী লীগের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন, জিল্লুর রহমান, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/১৪২০ঘ.
bdnews24