বরিশাল, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়কর ফাঁকি ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার এবং তার স্ত্রী নাসিমা সরোয়ারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত সহকারী কর কমিশনার সৈয়দ রেজাউল করিম রোববার সিনিয়র বিশেষ জজ আদালতে এই মামলা দু'টি করেন।
জেলা ও সিনিয়র বিশেষ জজ মো. শহীদুল্লাহ মামলা দু'টি আমলে নিয়ে শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন।
সদ্য সাবেক হওয়া মেয়র মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে বর্তমানে হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতিসহ সাতটি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন।
বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক আছেন।
আর তার স্ত্রী নাসিমার বিরুদ্ধে দুর্নীতির একটি মামলা রয়েছে। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
মামলায় অভিযোগ করা হয়, মজিবর রহমান সরোয়ার ১৯৮৭-৮৮ করবর্ষ থেকে প্রথম কর দেওয়া শুরু করেন। তার টিআইএন -৪২১-১০১-৪৪৮৬। ২০০৬-০৭ পর্যন্ত ১৭টি করবর্ষের মধ্যে ৫টিতে তিনি কোনো রিটার্ন দাখিল করেননি। বাকি ১২টি করবর্ষে তথ্য গোপন করে বরিশাল কর কার্যালয়ে রিটার্ন দাখিল করেন।
এতে তিনি ২৫ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৭৪ টাকার তথ্য গোপন করেছেন। এ হিসাবে তিনি ৬ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৯৭ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন।
একইভাবে সরোয়ারের স্ত্রী নাসিমা সরোয়ারও ১৯৯৯-২০০০ থেকে ২০০৪-২০০৫ পর্যন্ত ৫টি করবর্ষে কোনো রিটার্ন দাখিল করেননি। পরের ৩টি করবর্ষে রিটার্ন দাখিল করলেও তাতে সম্পদের তথ্য গোপন করেছেন।
ওই পাঁচ করবর্ষে নাসিমা সরোয়ার ৫৭ লাখ ১৪ হাজার ৫৫ টাকার তথ্য গোপন করে ১০ লাখ ৪৫ হাজার ১৬৬ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড গত ৩১ জুলাই ৫৮৩ ও ৫৮৪ নম্বর স্মারকের মাধ্যমে যথাক্রমে সরোয়ার ও নাসিমার বিরুদ্ধে আদালতে মামলা করার অনুমতি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএসবি/২১২০ ঘ.
bdnews24