২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা মঞ্জুরুল ইমাম হত্যা মামলায় সব আসামি খালাস

আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমাম হত্যা মামলায় সব আসামি খালাস পেয়েছে। মঞ্জুরুল ইমামসহ তিন জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোমবার রায় দেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক আব্দুস সালাম সিকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 09:47 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

খুলনা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমাম হত্যা মামলায় সব আসামি খালাস পেয়েছে। মঞ্জুরুল ইমামসহ তিন জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোমবার রায় দেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক আব্দুস সালাম সিকদার। রায়ে বলা হয়, হত্যাকাণ্ডের চাক্ষুস সাক্ষী না থাকায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। তাই চার আসামিকেই বেকসুর খালাস দেওয়া হলো। খালাস প্রাপ্তরা হলেন- আব্দুল রাব্বী ওরফে রিপন, গণেশ ব্যানার্জি, শাহাদাৎ হোসেন ও শুকুর আলী গাজী। তবে বার বার তদন্ত কর্মকর্তার পরিবর্তনের কারণে মামলাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেন। আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মঞ্জুরুল ইমামের পরিবারসহ আওয়ামী লীগ নেতারা। ২০০৩ সালের ২৫ আগস্ট খুলনা নগরীর শামসুর রহমান সড়কে বাসার কাছে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম। সন্ত্রাসীরা তাকে বহনকারী রিকশা লক্ষ করে গুলি ও বোমা হামলা চালায়। এতে মঞ্জুরুল ইমামের সহযাত্রী অ্যাডভোকেট বিজন বিহারী মণ্ডল এবং রিকশাচালক সাইদুল ইসলাম আকন্দও নিহত হয়। নিহত আওয়ামী লীগ নেতার ছেলে আব্দুল্লাহ আল মামুন ঘটনার দিনই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে খুলনা সদর থানায় একটি মামলা করেন। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শাহজাহান হাওলাদার তদন্ত শেষে ২০০৪ সালের ১১ মার্চ সরদার ইমাম হোসেন, গণেশ ব্যানার্জি, শাহাদাৎ হোসেন ও শুকুর আলী গাজী- এ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার কাজ শুরু হওয়ার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এসএম আবু জাফর এ মামলার অধিকতর তদন্তের দাবি জানান। পরে আদালতের নির্দেশে আবার তদন্ত হয়। ২০০৮ সালের ২৪ জানুয়ারি গোয়েন্দা পুলিশের পরিদর্শক আকরাম হোসেন আগের চার আসামির মধ্য থেকে ইমাম হোসেনকে বাদ দিয়ে নতুন এক জনকে অন্তর্ভুক্ত করে চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ইমাম হোসেন ক্রসফায়ারে নিহত হওয়ায় তার নাম বাদ দেওয়া হয়। নতুন করে যুক্ত হয় আব্দুল রাব্বী রিপন। এর পর আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মঞ্জুরুল ইমামের বড় ছেলে আবদুল্লাহ হারুণ রুমি ওই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতা জড়িত বলে অভিযোগ করেন। তখন আদালত মামলাটি আবারও তদন্ত এবং আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক চিত্তরঞ্জন পাল তদন্ত করে ২০০৮ সালের ১২ জুন আদালতে আবার অভিযোগপত্র দাখিল করেন। এতে মঞ্জুরুল ইমামের ছেলের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। এ অভিযোগপত্রেও আগের চার জনকেই আসামি করা হয়। এ মামলায় ৭৪ জনের মধ্যে ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার রায় দিলো। রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম আবু জাফর সাংবাদিকদের জানান, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। মঞ্জুরুল ইমামের ছেলে আবদুল্লাহ হারুণ রুমি রায়ের প্রতিক্রিয়ায় বলেন, "আমরা সঠিক বিচার চেয়েছিলাম; কিন্তু তা পাইনি।" খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ন্যায়বিচার পাইনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪২ ঘ.