ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচন করে সরকার জাতীয় নির্বাচন পেছাতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক।
উপজেলা নির্বাচনের পরিকল্পনা বাদ দিয়ে অবিলম্বে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় আব্দুর রাজ্জাক বলেন, "সরকার উপজেলা নির্বাচন করে যেনতেনভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায়। জোর করে উপজেলা নির্বাচন করার কোনও যৌক্তিকতা নেই। দায়িত্ব অনুযায়ী সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে।"
তিনি বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এক দুই মাসের মধ্যে উপজেলা নির্বাচন দিতে জাতির কাছে ওয়াদাবদ্ধ। তাহলে সরকার কেন উপজেলা নির্বাচন নিয়ে এত পীড়াপীড়ি করছে?"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে ওই সভা আয়োজন করা হয়।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অপর সদস্য তোফায়েল আহমেদও অবিলম্বে সংসদ নির্বাচনের দাবি জানান।
তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে তিনি বলেন, "নিরপেক্ষতার প্রমাণ দিতে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে আসুন। উপজেলা নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জরুরি অবস্থা প্রত্যাহার করে সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন। উপজেলা নির্বাচন দিয়ে রাজনীতিকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া থেকে সরে আসুন।"
বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ওই সভায় ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সভায় বক্তব্য অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাহারা খাতুন, মতিউর রহমান মতি, মোল্লা মোহাম্মদ আবু কাওছার, মহিউদ্দিন আহমেদ মহি, আবদুল হান্নান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24