২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুদিবসে জাতীয় শোক পালনের দাবি চার দলের

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুদিবস ৩০ মে-কে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছে চার দলীয় ঐক্যজোট। একইসঙ্গে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটি পুনর্বহালের দাবিও করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 10:31 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুদিবস ৩০ মে-কে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছে চার দলীয় ঐক্যজোট। একইসঙ্গে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটি পুনর্বহালের দাবিও করেছে তারা। বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ন্যাম ফ্ল্যাটে রোববার দুপুরে চার দলীয় জোটের বৈঠক থেকে এ দাবি জানানো হয়। কারাবন্দি খালেদা জিয়াসহ অন্যান্য রাজবন্দির মুক্তি ও অসুস্থ তারেক রহমানকে বিদেশে পাঠানোর দাবিতে বৈঠকে ১০ আগস্ট সারাদেশে চার দলের সমাবেশ করার সিদ্ধান্ত হয়। পরে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "অর্থবহ সংলাপের জন্য আমরা খালেদা জিয়ার মুক্তি দাবি করেছি। সরকারের সঙ্গে সংলাপে নেত্রীর উপস্থিতি থাকতে হবে। অর্থবহ সংলাপের মাধ্যমে চার দল নির্বাচনে যেতে চায়।" ৩০ মে জাতীয় শোক দিবস ঘোষণার জন্য দাবি জানিয়ে তিনি বলেন, "স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সম্মান ও শ্রদ্ধা জানাতে আমরা এ দাবি করেছি। আওয়ামী লীগ ১৫ আগস্ট শোক দিবস করছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। শেখ মুজিব ও জিয়াকে জাতীয় নেতা বলা হলে তাদের জন্য দু'দিন শোক দিবস ঘোষণা করা যেতে পারে।" ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল 'বিক্ষুদ্ধ' সেনা কর্মকর্তা ও সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়া। স্থানীয় সরকার নির্বাচনে চার দল অংশ নিচ্ছে না- দাবি করে তিনি বলেন, "দল ও জোট কোনো প্রার্থী বা কাউকে সমর্থন দেয়নি। কেউ দলের হয়ে নির্বাচন করলে সেটি তার ব্যক্তিগত ব্যাপার।" চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংসদের সাবেক প্রধান হুইপ বলেন, "সরকার অবৈধ ও অসাংবিধানিকভাবে এ রকম নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের একটি গোষ্ঠী তৈরি করতে চায়। তারা নীল-নকশা বাস্তবায়নের পথে এগোতে চাচ্ছে।" সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়ার বাংলাদেশী শ্রমিকদের দুরবস্থার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন তিনি। দেলোয়ারের সভাপতিত্বে চার দলের বৈঠকে বিএনপির সহ সভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী ও খেলাফত মজলিশের মহাসচিব অ্যাডভোকেট আহমেদ আবদুল কাদের উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এসকে/