২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা ও সংসদ নির্বাচন একসঙ্গে সম্ভব নয়: সিইসি

উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচন একইদিনে বা একসঙ্গে করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। পাশাপাশি সংসদের আগে উপজেলা নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থানের কথা আবারও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচন একইদিনে বা একসঙ্গে করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। পাশাপাশি সংসদের আগে উপজেলা নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থানের কথা আবারও জানিয়েছেন তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হবে। তবে একইসঙ্গে এই দুই নির্বাচন করা সম্ভব নয়।।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সোমবার এক আলোচনা সভায় একইদিনে দুটি নির্বাচন করা যেতে পারে বলে মত প্রকাশ করেন। আর আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের বিরোধিতা করে আসছে। সিইসি বলেন, "মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তারা একইসঙ্গে এই দুটি নির্বাচন না করার পক্ষে মত দিয়েছেন।" মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই নির্বাচন কমিশন (ইসি) দুটি নির্বাচন একসঙ্গে না করার সিদ্ধান্ত নিয়েছে বলে শামসুল হুদা জানান। ইসি আগামী অক্টোবর মাসে সাড়ে তিনশ উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এছাড়া রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরে। এদিকে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে মঙ্গলবার াংবাদিকদের জানান, আগামী ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৩টি নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ইতোমধ্যে পুলিশ প্রশাসন এসব এলাকার বিভিন্ন প্রবেশ পথে চেক পোস্ট বসিয়েছে। আগামী ৪ আগস্ট চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমআই/১৭৩১ ঘ.