২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাজ্য

আগস্টে অনুষ্ঠেয় চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাজ্য। রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত করে এ তথ্য জানিয়েছেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 09:59 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগস্টে অনুষ্ঠেয় চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাজ্য। রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত করে এ তথ্য জানিয়েছেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স। জরুরি অবস্থার মধ্যেই আগামী নির্বাচন হবে কিনা- যুক্তরাজ্যের দূত জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, সরকার জরুরি অবস্থা ধাপে ধাপে শিথিল করছে। সেখানে প্রয়োজন হবে সেখানেই শিথিল করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম তাদের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান। ফাহিম মুনেম বলেন, "যুক্তরাজ্যের হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে বলেছেন, নির্বাচন কমিশনের অনুরোধে ইউরোপীয় ইউনিয়নে যে পর্যবেক্ষক দলটি আগস্টের স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে, তাতে যুক্তরাজ্যের পর্যবেক্ষকরাও থাকবেন। তিনি ছবিসহ ভোটার তালিকার প্রশংসা করে বলেছেন, অতি অল্প সময়ের মধ্যে এটা করা বাংলাদেশ সরকারের একটি অবিশ্বাস্য অর্জন।" জাতীয় নির্বাচন জরুরি অবস্থার মধ্যেই হবে কিনা- প্রধান উপদেষ্টার কাছে তা জানতে চান যুক্তরাজ্যের হাইকমিশনার। তখন ফখরুদ্দীন আহমদ বলেন, "জরুরি অবস্থা ধাপে ধাপে শিথিল করা হচ্ছে। বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌর নির্বাচন যেখানে হচ্ছে, সেখানে শিথিল করা হয়েছে। আগামীতে আরও হবে। আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেখানে প্রয়োজন সেখানেই জরুরি অবস্থা শিথিল করা হবে।" প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের দূতকে বলেন, "আমরা কিছু সংস্কারের কাজ হাতে নিয়েছি। এর মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের ভিত মজবুত হবে।" গত বছরের দুই দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডর মোকাবেলায় সরকারের তৎপরতা তুলে ধরে ফখরুদ্দীন আহমদ বলেন, "স্বল্পমেয়াদি দুর্যোগ মোকাবেলায় আমরা সাফল্যের পরিচয় দিয়েছি। কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট মধ্য ও দীর্ঘমেয়াদি দুর্যোগ মোকাবেলায় আমাদের সহায়তা প্রয়োজন।" জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশকে ৫ কোটি পাউন্ড দেওয়ার আশ্বাস দেন স্টিফেন ইভান্স। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সাফল্যের সঙ্গে কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি বলেন, সরকার কঠোর হস্তে সন্ত্রাস দমন করছে। এক্ষেত্রে আইনের আওতায় থেকেই সব করা হচ্ছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, "আমরা যুক্তরাজ্যের গণতান্ত্রিক ঐতিহ্য অনুসরণ করছি। জাপানের পর যুক্তরাজ্য বাংলাদেশের সবচেয়ে বড় দাতা রাষ্ট্র। অপরদিকে বাংলাদেশের জনগণ যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজ গঠনে অবদান রেখে আসছে।" প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমআই/জিএনএ/১৫৫৩ ঘ.