২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি আর দুর্নীতিবাজদের মুক্তি এক নয়: মেনন

শেখ হাসিনার মুক্তি দুর্নীতিবাজদের মুক্তির সঙ্গে মেলানো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ওয়াকার্স পার্টির সভাপতি ও ১৪ দলীয় জোটের নেতা রাশেদ খান মেনন। জোটের অন্যতম শরিক গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের করা একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি শনিবার এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি দুর্নীতিবাজদের মুক্তির সঙ্গে মেলানো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ওয়াকার্স পার্টির সভাপতি ও ১৪ দলীয় জোটের নেতা রাশেদ খান মেনন। জোটের অন্যতম শরিক গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের করা একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি শনিবার এ মন্তব্য করেন। ড. কামালের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সম্মানীত এক জন মানুষ হিসাবে তার কাছে শোভনীয় বক্তব্যই প্রত্যাশা করি। শনিবার জোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সংলাপ ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় ওঠে বলে রাশেদ খান মেনন ও সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান। বৈঠক শেষে রাশেদ খান মেনন বলেন, "আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টি সহঅবস্থান নিয়ে এগুচ্ছে। সংলাপকে এগিয়ে নেওয়ার বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সংলাপ এখন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে। আমরা সংলাপে যাওয়ার আগে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করেছি। এখন আওয়ামী লীগ সংলাপে যাওয়ার আগে আমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছে।" সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "শেখ হাসিনার মুক্তির জন্য ওয়ার্কার্স পার্টি ভূমিকায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সংলাপে অংশ নিতে যাচ্ছি। তার আগে একটা ঐকমত্য সৃষ্টির চেষ্টা হিসেবে এখানে এসেছি। ধারাবাহিকভাবে অন্য শরিকদের সঙ্গেও বসব।" শেখ হাসিনার মুক্তির বিষয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মেনন সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার মুক্তির সঙ্গে দুর্নীতিবাজদের মুক্তি মিলিয়ে ফেলাটা ঠিক হবে না। আমরা কোনও দুর্নীতিবাজের মুক্তি দাবি করিনি।" এ বিষয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "ড. কামাল হোসেন একজন সম্মানীত মানুষ, জাতীয় মুরুব্বি। তিনি ব্যক্তিগত মন্তব্য করেছেন। কিন্তু আমরা তার কাছে শোভনীয় বক্তব্য আশা করছি।" ড. কামাল শুক্রবার সাংবাদিকদের বলেন, "দুর্নীতির অভিযোগে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত যে মামলাগুলো হয়েছে, এগুলো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়া উচিত। কারও চাপে মাথা নত করে যেনতেনভাবে মামলাগুলো শেষ যেন না হয়।" গণফোরাম সভাপতি সন্দেহ প্রকাশ করে বলেন, "নিশ্চয়ই কোনও পক্ষ সরকারকে বিচারাধীন আসামির পক্ষে চাপ সৃষ্টি করছে।" সৈয়দ আশরাফুল জানান, সরকারের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ জরুরি অবস্থা প্রত্যাহার, সবার আগে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলবে। সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের জন্যও মহার্ঘ ভাতা প্রয়োজন