২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের বয়কট করুন: কামাল

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের বয়কট করার এবং সমাজের সৎ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

বরিশাল, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের বয়কট করার এবং সমাজের সৎ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, "ওয়ান ইলেভেনের পর দেশব্যাপী অভিযানে সমান্য কয়েকজন দুর্নীতিবাজ আটক হয়েছেন। আরও হাতেগোনা কিছু দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা বিদেশে পালিয়ে গেছেন। তারা আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর সুযোগ পেলেই আগের আবস্থায় ফিরে যাবে। তাই ভোট বিপ্লবের মাধ্যমে আপনারা এদের সমাজ থেকে বয়কট করতে হবে।" বরিশাল শহরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবী ভবনে শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় বরিশাল বিভাগীয় নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে পুরনো রাজনীতি পুনরুদ্ধার করা প্রয়োজন। সেই রাজনীতির মাধ্যমে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছিল। আর এ জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে শেরে বাংলা একে ফজুলুল হক, মওলানা ভাষানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দেশ বরেণ্য ব্যক্তিরা আজও অমর হয়ে আছেন।" পুরনো রাজনীতি অবৈধ টাকা, অস্ত্র ও ক্যাডারমুক্ত ছিল উল্লেখ করে ড. কামাল বলেন, "দেশের এই সংকটময় মুহূর্তে আমাদের সেই রাজনীতির দিকেই যেতে হবে। তাহলেই দেশ দুর্নীতিবাজ আর সন্ত্রাসী মুক্ত হবে।" বরিশাল জেলা গণফোরামের আহবায়ক অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠুর সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন- পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী প্রমুখ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসিন মণ্টুু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পরিমল চন্দ্র গুহ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৪ ঘ.