২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলায় আদালতে খালেদা

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংসদভবনের বিশেষ আদালতে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 05:30 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংসদভবনের বিশেষ আদালতে হাজির করা হয়েছে। রোববার সকাল ১১টা ১৫ মিনিটে খালেদাকে বিশেষ কারাগার থেকে ঢাকা মেট্্েরা ঘ ১১-৭৭৫৯ নম্বরের ছাই রং'র পাজেরো গাড়িতে করে তাকে বিশেষ জজ আদালত-৯ এ হাজির করা হয়। এসময় তার পরণে সাদা রংএর শাড়ি ছিল। আটক হওয়ার হওয়ার দিন বিশেষ কারাগারে নেয়ার পর প্রথম তাকে বিশেষ আদালতে হাজির করা হলো। খালেদা জিয়াকে আদালতে হাজির করার জন্য রোববার সকাল থেকেই সংসদ ভবনের পূর্ব দিকে মনিপুড়ি পাড়া থেকে রোকেয়া স্মরনীমুখী রাস্তা বন্ধ করে দেওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে অফিসগামী জনগণের সঙ্গে সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়। ২৬ মে সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে একই অভিযোগে দায়ের করা মামলা দুটি বিশেষ জজ আদালতে ওঠে। সেদিন শেখ হাসিনাকে হাজির করা হলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলায় গত ৫ মে আদালতে অভিযোগপত্র দেয় কমিশন। আর হাসিনার বিরুদ্ধে একই অভিযোগের মামলায় অভিযোগপত্র দেয়া হয় গত ৭ মে। দুই মামলায় মোট ২০ জনকে আসামি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ দুটি মামলা দায়ের করে। খালেদার বিরুদ্ধে মামলাটি করেন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম। আর হাসিনার বিরুদ্ধে মামলা করেন উপ-পরিচালক এম এম শাব্বির হাসান। আলাদা মামলা হলেও ওই তিনটি গ্যসক্ষেত্র হস্তগত করতে ক্যানাডার কোম্পানি নাইকোর অভিযুক্ত কর্মকাণ্ডের ব্যাপ্তি গড়ায় ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ও এরপর ক্ষমতায় আসা চারদলীয় জোট সরকার পর্যন্ত। মামলা দুটির অভিযোগে বলা হয়, উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও সাবেক দুই প্রধানমন্ত্রী ছাতক, কামতা ও ফেনী গ্যাসক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করে নাইকোর হাতে তুলে দেন। অভিযোগপত্রে মামলা দুটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মামলার ১১ আসামি পরস্পরের যোগসাজশে নাইকোর সঙ্গে চুক্তি করায় সরকারের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ মামলায় অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারি সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সিএম ইউসুফ ও কাশেম শরীফ পলাতক রয়েছেন। আর খালেদা জিয়াসহ বাকিরা কারাগারে আছেন। মামলার প্রাথমিক তথ্য প্রতিবেদনে (এফআইআর) কামাল উদ্দিন, ইউছুফ হোসাইন, ময়নুল হক, শফিউর রহমান, মামুন ও সেলিম ভূঁইয়ার নাম ছিল না। তদন্তে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের নাম অভিযোগপত্রে তোলা হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গত বছর ১৬ জুলাই তার ধানমণ্ডির বাসা থেকে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৩ সেপ্টেম্বর শহীদ মইনুল সড়কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিসি/এএইচডি-ইএইচবি/এফএফ/জিএনএ/১১২৮ ঘ.