চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপ কিংবা নির্বাচন ব্যর্থ হলে এর দায় দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, "নির্বাচন জনগণের দাবি। এ দাবি জনগণ আদায় করেই ছাড়বে। আমরা সংলাপেও প্রধান উপদেষ্টাকে বলেছি, এখন আবারও বলছি- দয়া করে আমাদের আন্দোলনের পথে যেতে বাধ্য করবেন না।"
বৃহস্পতিবার বিকেলে চিটাগাং প্রেসক্লাবে সাহিত্যিক, শিক্ষাবিদ ও সাবেক গণপরিষদ সদস্য অধ্যাপক আসহাব উদ্দিন স্মরণ সভার আগে রাশেদ খান মেনন সাংবাদিকদের এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়ার বিষয়ে মেনন বলেন, "সরকার একদিকে সংলাপ করবে, অন্যদিকে চাবুক মারবে সেটা গ্রহণযোগ্য নয়। সরকারকে রাজনৈতিক বাস্তবতা মাথায় রাখতে হবে।"
শেখ হাসিনার মুক্তি ছাড়া আওয়ামী লীগের সংলাপে না যাওয়ার সিদ্ধান্তকে 'যৌক্তিক সিদ্ধান্ত' বলে মনে করেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, "শেখ হাসিনা ছাড়া সংলাপ অর্থবহ হবে না। সংলাপে তার যোগদানের বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে।"
বড় দলগুলো সংলাপে অংশ না নিলে এর প্রভাব নির্বাচনে পড়বে কিনা কিংবা অন্য কোন শক্তি ক্ষমতায় আসবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মেনন বলেন, "দৃশ্য হোক আর অদৃশ্য হোক অনির্বাচিত কোন শক্তিকেই জনগণ মানবে না। সেক্ষেত্রে জনগণই আন্দোলনের মধ্য দিয়ে তাদের দাবি আদায় করে নেবে।"
তিনি বলেন, "এ সরকার নির্বাচন করতেই এসেছে। তাই নির্বাচন না হলে এর দায় দায়িত্ব তাদেরই নিতে হবে। কোন কিছুই গণ-আন্দোলন থামাতে পারবে না।"
জনগণ তাদের দাবি আদায় করেই ছাড়বে বলে মেনন মনে করেন।
পত্র লেখক গোষ্ঠী (পলগ) আয়োজিত অধ্যাপক আহসাবউদ্দিন স্মরণ সভায় মেনন বলেন, শোষণ, দুর্নীতি ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আসহাবউদ্দিন সব সময়ই সোচ্চার ছিলেন। বর্তমানে দেশে যে ধরনের নিয়ন্ত্রিত রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে তিনি বেঁচে থাকলে সে প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠতেন।
পলগ সভাপতি আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মনিরুজ্জামান, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবির, অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ, কবি ফরিদা ফরহাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24