২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোফায়েলের বিরুদ্ধে মামলা 'মিথ্যা ও বানোয়াট': সভাপতিমন্ডলীর সভা

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এক সভায় অন্যতম সদস্য তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলাকে 'মিথ্যা ও বানোয়াট' বলে অভিহিত করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় অবিলম্বে তোফায়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এক সভায় অন্যতম সদস্য তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলাকে 'মিথ্যা ও বানোয়াট' বলে অভিহিত করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় অবিলম্বে তোফায়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় অনুষ্ঠিত সভাপতিমণ্ডলীর জরুরি সভায় এ দাবি জানানো হয়। সভা শেষে এক ব্রিফিং এ দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ তোফায়েল আহমেদের বিরুদ্ধে এ মামলা দায়ের করায় আমরা দুঃখিত ও ব্যথিত। এর প্রতিবাদের জন্য আওয়ামী লীগের এ অতি জরুরি প্রেসিডিয়াম সভা আহ্বান করা হয়। এ মামলা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমুলক বলে সভা মনে করেছে।" আওয়ামী লীগের বর্ধিত সভাকে এ সময়ের রাজনীতির প্রেক্ষাপটে একটি 'স্মরণীয় ঘটনা' আখ্যা দিয়ে সৈয়দ আশরাফ বলেন, "বর্ধিত সভায় শেখ হাসিনাকে ছাড়া সংলাপে না যাওয়ার যে সিদ্ধান্ত হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এ মামলা দায়ের করা হয়েছে। প্রেসিডিয়াম সভা অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।" সভায় শেরপুরের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলাও প্রত্যাহারের দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ জিএমএ/এমএস/এসকে/২১৩৮ঘ.