ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মিরপুরে সোমবার প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) ঢাকা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী মন্টু (৫২) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ডের পরপরই জনতা ও পুলিশ ধাওয়া করে দুই সন্ত্রাসীকে ধরে ফেলে। তাদের কাছ থেকে তিনটি বিদেশি রিভলবার ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মন্টু গার্মেন্টস এর ঝুট ব্যাবসা করতেন। ব্যবসায় বিবাদের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থানার পাশেই ঘটনাটি ঘটেছে। গুলির শব্দ পাওয়ার পরপর পুলিশ ও জনতা সন্ত্রাসীদের ধাওয়া করে। সন্ত্রাসীরা গুলি করতে করতে দৌঁড়াতে থাকে। এসময় পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।"
তিনি বলেন, "আমি নিজেই চার রাউন্ড গুলি ছুঁড়েছি। জনতাও প্রচণ্ড সাহসের পরিচয় দিয়েছে।"
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধৃতদের একজনের নাম জাবেদ। অপরজনের নাম জানা যায়নি। ধরা পড়ার পর গণপিটুনিতে দুজনেই গুরুতর আহত হয়েছে। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক।"
হামলার সময় মন্টুর সঙ্গে ছিলেন পিডিপি নেতা মোবারকউল্লাহ ডাবলু। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে পল্লবী ১১ নম্বর সেকশনের ৫ নম্বর ওয়ার্ডের বটতলায় একটি সেলুনে বসেছিলেন মন্টু। এসময় তিন/চারজন সন্ত্রাসী এসে মন্টুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। মন্টুর মাথা ও তলপেটে গুলি লাগে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনি মারা গেছেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এমএইচবি/২১৪৬ ঘ.
bdnews24