২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল, মীর্জা আব্বাসের স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশনের সহকারী পরিচালক মো. ইব্রাহীম ঢাকার মুখ্য মহা নগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। দুদকের উপ সহকারী পরিচালক শরীফুল হক সিদ্দিকী ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগপত্রে ৮২ জনকে সাক্ষী করা হয়েছে। এতে বলা হয়, মওদুদ আহমেদ দুর্নীতি দমন কমিশনে দেওয়া তথ্যে প্রায় সাড়ে ৪ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া অবৈধভাবে অর্জন করেন প্রায় ৯ কোটি ৪ লাখ টাকার সম্পদ। এদিকে, একই অভিযোগে সাবেক গৃহায়ন ও পূর্ত মন্ত্রী মীর্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বিকেলে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিুজুল হক এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি ২২ মে আফরোজার গ্রেপ্তারের তথ্য জানানোর দিনও ধার্য করা হয়েছে। একইদিন মীর্জা আব্বাসকেও কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএ/২০১৫ ঘ.