ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারাগারে আটক আসামিদের গ্রেপ্তার এবং অন্যদের 'পলাতক' দেখিয়ে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগপত্র দেওয়া হবে। 'দাপ্তরিক কিছু সমস্যার' কারণে আদালতে তা দাখিল করতে দেরি হচ্ছে।
সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ কথা জানান।
গত ৮ মে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় কমিশন।
এ মামলায় অন্য আসামীদের মধ্যে রয়েছেন এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমির খসরু মাহমুদ চৌধুরী, এ কে এম মোশারফ হোসেন প্রমুখ।
হানিফ ইকবাল বলেন, "কোনো দুর্নীতি মামলায় অভিযোগপত্র জমা দেওয়ার পর পরই সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করার বিধান রয়েছে।"
তিনি আরও জানান, অন্যান্য প্রতিষ্ঠানের মত শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখার জন্য চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ বিষয়ে সহযোগিতা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।
কমিশনের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন; সহকারি পরিচালক এস এম মঞ্জুর আহমেদ, উপসহকারি পরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং সহকারি পরিদর্শক আতাউল কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২০৪৫ঘ.
bdnews24