ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি আওয়ামী লীগের সৃষ্টি করা উচিত হবে না মন্তব্য করে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোসণার আগেই শেখ হাসিনা মুক্তি পাবেন বলে তিনি আশা করছেন।
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে আওয়ামী লীগের পাঁচ দফা দাবির বিষয়ে বক্তব্য থাকবে বলেও মনে করছেন প্রবীণ এ নেতা।
সদ্য প্রয়াত রাশিদা মহিউদ্দিনের শোক সভায় যাওয়ার পথে শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের আমু বলেন, "আমরা প্রাক সংলাপ বৈঠকে পাঁচ দফা দাবি জানিয়ে এসেছি। সেজন্য প্রধান উপদেষ্টার ভাষণে এসব দাবির বিষয়ে সুস্পষ্ট ঈঙ্গিত আশা করছি।"
এ মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচনমুখী- দাবি করে তিনি বলেন, "আমরা আশা করছি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নেত্রী মুক্তি পাবেন এবং তাকে নিয়েই আমরা নির্বাচনে যাব। এমুহূর্তে নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করা আওয়ামী লীগের উচিত নয়।"
প্রসঙ্গত উপদেষ্টাদের সঙ্গে প্রাক সংলাপ বৈঠকে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া, জরুরি অবস্থা প্রত্যাহার, যুদ্ধাপরাধীদের বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ- এ পাঁচ দফা দাবি জানান।
আমির হোসেন আমু বলেন, "নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি প্রধান উপদেষ্টার ভাষণে আসবে বলে আশা করছি। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে। নির্বাচনের সময় আরো জটিলতা সৃষ্টি হবে। তাই এটি স্থগিত রাখা উচিত।"
কোনো বিষয়েই নিজ দলে মতবিরোধ নেই দাবি করে তিনি বলেন, "আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং পাঁচ দফা দাবি নিয়েই সামনে অগ্রসর হব।"
তিনি বলেন, "আওয়ামী লীগ কোনো ভূঁইফোড় দল নয়। আমাদের নির্বাচনের পূর্ব প্রস্তুতি রয়েছে। ওয়ান ইলেভেনের আগে নির্বাচন হলে তাতেও আমরা তাতে অংশ নিতাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএ/১৯০০ ঘ.
bdnews24