ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পরাজিত প্রার্থী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের কাছে সম্পাদকের পদ হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ কে মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদসভায় তারা এই দাবি জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল প্রমুখ।
এ কে মুজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইতিহাসে বিজয়ী প্রার্থীকে পরে পরাজিত ঘোষণার মতো ন্যক্কারজনক ঘটনা আর ঘটেনি।
জয়নুল আবেদীন ব্যারিস্টার মামুনের কাছে সম্পাদকের দায়িত্ব হস্তান্তরের দাবি জানিয়ে বলেন, "১৯৯৭ সাল থেকে পরপর তিন বছর সমিতির সম্পাদক পদে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তারপর থেকেই বিএনপির প্রার্থীদের বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হচ্ছে।"
আবদুল্লাহ আল মামুন বলেন, ১৯৪৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত সমিতির বেনাভোলেন্ট ফান্ডে ৬০ থেকে ৮০ কোটি টাকা থাকার কথা ছিল। কিন্তু এখন আছে মাত্র ২ কোটি টাকা।
তিনি বলেন, নির্বাচনের আগে আমি ঘোষণা দিয়েছিলাম যদি বিজয়ী হতে পারি এই দুর্নীতির তথ্য উদঘাটন করব। এজন্য রাতের আঁধারে ষড়যন্ত্রের মাধ্যমে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
মামুন সমিতির নির্বাচন উপকমিটির আহবায়ক নিজামুল হক নাসিমসহ কমিটির পদত্যাগ দাবি করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এর প্রাথমিক পদক্ষেপ হিসাবে মামলা করেছি।
গত ৩০ এপ্রিল সম্পাদক পদের ভোট পুনঃগণনা করে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে ৬ ভোটে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। মামুন এই ফল সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেন। ২৯ এপ্রিল রাতে মামুনকে দুই ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।
গত ২৮ ও ২৯ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন ব্যারিস্টার শফিক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১০৩ঘ.
bdnews24