২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান দেলোয়ারের

গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহবান জানিয়েছেন খালেদা জিয়ার মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 06:42 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহবান জানিয়েছেন খালেদা জিয়ার মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী 'খতমে কোরআন ও মিলাদ মাহফিল' অনুষ্ঠান উদ্বোধনের সময় তিনি এ আহবান জানান। জিয়া পরিষদ আয়োজিত অনুষ্ঠানে খোন্দকার দেলোয়ার বলেন,''দেশ আজ মহাসংকটে পতিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নানামুখী ষড়যন্ত্রের মুখে। এ সংকট উত্তরণের একমাত্র উপায় সকল রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে অংশ নেওয়া।'' তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, দলের প্রয়াত নেতা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করা গেলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। অনুষ্ঠানে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমানসহ কারাবন্দি নেতাদের মুক্তির জন্য দোয়া করা হয়। পরে খোন্দকার দেলোয়ার নেতা-কর্মীদের নিয়ে প্রয়াত নেতার কবরে ফাতেহা পাঠ করেন। জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাবউদ্দিন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ,অধ্যাপক কামরুল আহসান চৌধুরী, সাবেক প্রধান প্রকৌশলী আবদুল হাই, ড. আবদুল হাই সিদ্দিক, মুহাম্মদ ইবরাহিম, অধ্যাপক শামসুল আলম, ড. শফিকুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক আশরাফুল ইসলাম, অধ্যাপক আবুল কাশেম, সাবেক ছাত্র নেতা হাবিবউন নবী খান সোহেল, উলামা দলের মাওলানা ইকরামুল করীম, জিয়া পরিষদের শেখ আবদুল জলিল, এ কে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এমএ/১২৩৬ ঘ.