ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধায় রাজধানীর খিলগাঁও এলাকায় সোমবার দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা যায়নি বলে অভিযোগ করেছেন বিএনপির 'দেলোয়ারপন্থী' নেতা-কর্মীরা।
তারা সাংবাদিকদের বলেছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুস্থদের জন্য খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু যানজটের 'অজুহাতে' পুলিশ সে খাবার নিয়ে গেছে। তবে বিএনপি নেতা-কর্মীদের ওই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
খিলগাঁওয়ে না হলেও মধ্য বাড্ডা এলাকায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপির 'দেলোয়ারপন্থী' নেতা-কর্মীরা।
বিএনপি নেতারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁও চৌরাস্তার মোড়ে দুস্থদের মধ্যে খিচুড়ি বিতরণের উদ্যোগ নেওয়া হয়। খিলগাঁও থানা বিএনপি, মহিলা দল, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ২২ কড়াই খিচুড়িও রান্না করা হয়। খাবারের জন্য অসংখ্য দুস্থ নারী-পুরুষ-শিশুদের লম্বা লাইনও হয়।
দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ সোহরাব উদ্দিন, শিরিন সুলতানাসহ স্থানীয় নেতা-কর্মীরা সেখানে ছিলেন।
জাতীয়তাবাদী মহিলা দলের খিলগাঁও থানা শাখার সাধারণ সম্পাদিকা হাবিবা চৌধুরী বীথি অভিযোগ করেন, দুপুর ১টার দিকে পুলিশ এসে খাবারের কড়াইগুলো তুলে নিয়ে যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুমতি না নেওয়া এবং যানজটের কথা বলে পুলিশ ঠেলা গাড়িতে করে কড়াইগুলো নিয়ে যায়। কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না।"
বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে আসেন। খাবার বিতরণে বাধা দেওয়ায় বিষয়টি নেতা-কর্মীদের কাছে শুনে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশের আচরণের নিন্দা জানান।
খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "বিএনপি মানুষের দুর্দিনে নিজের সাধ্য অনুযায়ী খাবার নিয়ে বিতরণ করতে তিন দিনের কর্মসূচি দিয়েছে। তারই অংশ হিসাবে এখানে খাবার বিতরণের কথা ছিল। অথচ পুলিশ তা তুলে নিয়ে গেছে। একদিকে সরকার মানুষকে খাবার দিতে পারছে না। অথচ আমরা মানুষের জন্য খাবার দিতে চাই, তাকে বাধা দেওয়া হচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘনের শামিল।"
খাবার বিতরণে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাঈদ এ ধরনের ঘটনার কথা অস্বীকার করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি নেতা-কর্মীরা নিজেদের উদ্যোগে নিজেদের মতো করেই খাবার বিতরণ করেছে। পুলিশ তাতে কোনও ধরনের বাধা দেয়নি।"
এদিকে মধ্য বাড্ডায় দুপুরে স্থানীয় বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এতে দলের যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, সাবেক সাংসদ নূরজাহান ইয়াসমীন, ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব-উন নবী খান সোহেলসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমআই/১৫৪০ ঘ.
bdnews24