২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের কর্মসূচি পরিবর্তন: অনশন ৫ মে শুধু ঢাকায়

সরকারের অনুমতি না পওয়ায় সারা দেশের পরিবর্তে ৫ মে শুধু ঢাকায় প্রতীকী অনশন করবে আওয়ামী লীগ। সারাদেশে ২৯ এপ্রিল এ অনশন করার ঘোষণা দিয়েছিল দলটি। তারিখ পরিবর্তনের কারণ হিসেবে আওয়ামী লীগ বলেছে, ওই তারিখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন থাকায় এ পরিবর্তন আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের অনুমতি না পওয়ায় সারা দেশের পরিবর্তে ৫ মে শুধু ঢাকায় প্রতীকী অনশন করবে আওয়ামী লীগ। সারাদেশে ২৯ এপ্রিল এ অনশন করার ঘোষণা দিয়েছিল দলটি। তারিখ পরিবর্তনের কারণ হিসেবে আওয়ামী লীগ বলেছে, ওই তারিখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন থাকায় এ পরিবর্তন আনা হয়েছে। রোববার সন্ধ্যায় গুলশানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় দলের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, ২৯ এপ্রিল সারাদেশে অনশন কর্মসূচি পালন না করে ৫ মে শুধু ঢাকায় পালন করা হবে। ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ থাকায় ঢাকার বাইরে অনশন কর্মসূচির ব্যাপারে সরকারের অনুমতি পাওয়া যায়নি। এ কারণেই ঢাকার বাইরের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে আশরাফুল ইসলাম জানান। তারিখ পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, "২৮ ও ২৯ এপ্রিল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন, তাই আইনজীবীদের অনুরোধে অনশনের তারিখ পরিবর্তন করা হয়েছে।" রোববারের এ সভায় অবিলম্বে সারাদেশে ঘরোয়া রাজনীতি চালু, জরুরি অবস্থা প্রত্যহার এবং নির্বাচবের তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে বলে আশরাফুল জানান। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না জানতে চাইলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "নির্বাচনের দেরি আছে। যখন নির্বাচন হবে তখন আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে।" তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই দল আগামী নির্বাচনে অংশ নেবে। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী ও সৈয়দ আশরাফুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএইচসি/জেকে/এমএইচবি/২২০৬ ঘ.