২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে 'ঐক্যবদ্ধ বিএনপি'র প্রতিনিধি দলই অংশ নেবে: মেজর হাফিজ

নির্বাচন কমিশনের সঙ্গে আগামী ২৭ এপ্রিলের অনুষ্ঠিতব্য সংলাপে 'ঐক্যবদ্ধ বিএনপি'র প্রতিনিধিদল অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সংস্কারপন্থি অংশের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ''ঐক্যবদ্ধ বিএনপিই আগামী ২৭ এপ্রিল কমিশনের ডাকা সংলাপে অংশ নেবে। অপর অংশের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 08:12 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন কমিশনের সঙ্গে আগামী ২৭ এপ্রিলের অনুষ্ঠিতব্য সংলাপে 'ঐক্যবদ্ধ বিএনপি'র প্রতিনিধিদল অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সংস্কারপন্থি অংশের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ''ঐক্যবদ্ধ বিএনপিই আগামী ২৭ এপ্রিল কমিশনের ডাকা সংলাপে অংশ নেবে। অপর অংশের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি দ্বিখন্ডিত নয়, এ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না।'' বৃহস্পতিবার দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে তিনি কথা বলেন। দুপুরে তার বনানীর বাসায় ডেমরা থানা বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড কমিশনার নবীউল্লাহ নবীর নেতৃত্বে সহাস্রাধিক নেতা-কর্মী সংলাপের চিঠি পাওয়ার জন্য অস্থায়ী মহাসচিবকে পুস্পস্তবক দিয়ে অভিনন্দন জানায়। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আসন্ন সংলাপে 'পেশী শক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত' একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দলীয় সুপারিশমালা পেশ করা হবে। স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন কারাবন্দি নেত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন নাকচ হয়ে যাওয়ার কথা তুলে ধরে বলেন, ''আমাদের নেত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সাইফুর রহমান সাহেব ও আমি কারা কর্তৃপক্ষের কাছে আবারও আবেদন করব।'' মেজর হাফিজউদ্দিন দলীয় সংস্কারের প্রয়োজন কেন তা ব্যাখ্যা করে বলেন, ''দলে গণতন্ত্রায়ন প্রয়োজন। আমরা সব স্তরে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন চাই। আমাদের নেত্রী খালেদা জিয়া মুক্ত হয়ে এলে তিনিই দলে প্রয়োজনীয় সংস্কার আনবেন।'' দলীয় নেতা-কর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, ''শহীদ জিয়াউর রহমানের বিএনপিকে দেশের মানুষ বার বার রাষ্ট্রক্ষমতায় যাওয়ার রায় দিয়েছে। কারণ এ দল মাটি ও মানুষের জন্য রাজনীতি করে। শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি বিএনপি মূল মন্ত্র। আগামী নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে আবার রাষ্ট্রক্ষমতা যাবে বিএনপি।'' বিগত শাসনামলে কিছু নেতার কারণে দল জিয়াউর রহমানের আর্দশ থেকে বিচ্যুত হয়েছে মন্তব্য করে মেজর হাফিজ বলেন, ''ব্যক্তির চেয়ে দল বড়'-এ দর্শন থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম বলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। মানুষের ভাগ্য গড়ার পরিবর্তে নিজেদের আখের গড়েছি। এ অবস্থার অবশ্যই পরিবর্তন আনতে হবে।'' তিনি একই সঙ্গে দাবি করেন বিএনপির শাসনামলে দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। অনুষ্ঠানে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করীম, সাবেক সাংসদ আবদুল খালেক চন্টু, মাসুদ অরুন, ডা. কোরেশি, আলী আক্কাস নাদিম, মুনির হোসেন, শামসুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/জিএনএ/১৪১০ঘ.