ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির 'দেলোয়ারপন্থী' অংশের সঙ্গে বুধবার বিকালে নির্ধারিত উপদেষ্টাদের প্রাক সংলাপ হচ্ছে না।
উপদেষ্টা পরিষদের অনির্ধারিত সভার কারণে বুধবার প্রাক সংলাপ হচ্ছে না বলে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
এ দিন বিএনপির একাংশ ছাড়াও এলডিপির সঙ্গে প্রাক সংলাপ হওয়ার কথা ছিল। তাও পিছিয়ে গেছে। এ দুটি দলের সঙ্গে পরবর্তী সময়ে প্রাক সংলাপ হবে বলে হোসেন জিল্লুর রহমান জানান।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের মধ্যে তিন জন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এবং শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বুধবার দুপুরে বৈঠক করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ওই বৈঠকের পর হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "উপদেষ্টা পরিষদের অনির্ধারিত সভা পড়ে যাওয়ায় বিএনপির একাংশ ও এলডিপির সঙ্গে নির্ধারিত বৈঠক আজ (বুধবার) হচ্ছে না। আমরা পরবর্তীতে সময় মতো বৈঠকে বসব।"
সংলাপের অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, "প্রাক সংলাপের ব্যাপারে আরও অনেকের সঙ্গে আলাপ বাকি রয়েছে। এগুলো শেষ করতে হবে। অনেক ধরনের পরামর্শ আমরা পাচ্ছি। সেগুলোর সমন্বয় করে উপদেষ্টা পরিষদকে জানানোর জন্য পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করতে হবে। যে কাজটা হাতে নেওয়া হয়েছে তা যেন সুষ্ঠুভাবে সমাপ্ত করতে পারি। আমরা এ সব বিষয় নিয়ে আলোচনা করছি।"
মূল সংলাপ কবে শুরু হবে সে বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "সুনির্দিষ্টভাবে সময় বলতে পারছি না। অনেকের সঙ্গে কথা বলা বাকি আছে। যারাই গুরুত্বপূর্ণ তাদের সঙ্গেই কথা বলছি।"
সুশীল সমাজের সঙ্গেও উপদেষ্টারা প্রাক সংলাপে বসবেন বলে হোসেন জিল্লুর রহমান জানান।
নির্বাচন কমিশনের সংলাপের জন্য বিএনপির শুধু হাফিজউদ্দিন আহমেদকে চিঠি দেওয়া সরকারের প্রাক সংলাপে কোনও জটিলতা তৈরি করবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, "না"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এফএফ/এমআই/এমএ/১৪৫২ঘ.
bdnews24