২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজকে চিঠি দেওয়া 'ষড়যন্ত্রের অংশ': দেলোয়ারপন্থীদের প্রতিক্রিয়া

সংস্কারপন্থী অংশকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) চিঠি দেওয়াকে 'নীল নকশার ষড়যন্ত্রের অংশ' বলে মন্তব্য করেছেন খোন্দকার দেলোয়ারপন্থী ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সংস্কারপন্থী অংশকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) চিঠি দেওয়াকে 'নীল নকশার ষড়যন্ত্রের অংশ' বলে মন্তব্য করেছেন খোন্দকার দেলোয়ারপন্থী ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। মঙ্গলবার এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিএনপিকে নির্বাচন থেকে দুরে রাখার ও নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের যে ষড়যন্ত্র চলছে, এটা তারই অংশ।" তিনি বলেন, "বিএনপির বৈধ মহাসচিব খালেদা জিয়া মনোনীত খোন্দকার দেলোয়ার হোসেন। তাকে বাদ দিয়ে সরকারি ফ্যাক্টরি থেকে বানানো কথিত অস্থায়ী মহাসচিব বিএনপি'র প্রতিনিধিত্ব করেন না।" দেশের মানুষ ও দলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের এ ধরনের কর্মকাণ্ড-সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করবে বলে তিনি মন্তব্য করেন। রিজভী আরো বলেন, "গত বছর একজন নির্বাচন কমিশনার যখন প্রকাশ্যে বলেছিলেন, ৭ নভেম্বর দলের মহাসচিব যিনি হবেন তাকে চিঠি দেওয়া হবে। এরপরই রাতের অন্ধকারে জালালাবাদ হাউজে গিয়ে যে অবৈধ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দলের কোনো বৈঠক ছিল না। কিন্তু এরপরও নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে যে বিএনপিকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্র করছে তা দেশবাসীর কাছে আজ স্পষ্ট।" খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি'র 'মূল ধারাকে' বাদ দিয়ে কোনো নির্বাচনও জনগণ হতে দেবে না বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এসকে/১৯৫৬ঘ.