২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফল সংলাপের পূর্বশর্ত হাসিনার মুক্তি: সুরঞ্জিত

কারাবন্দি শেখ হাসিনার মুক্তি দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তার মুক্তির মাধ্যমেই সংলাপ সফল হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি শেখ হাসিনার মুক্তি দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তার মুক্তির মাধ্যমেই সংলাপ সফল হতে পারে। শেখ হাসিনার মুক্তি দাবিতে মঙ্গলবার মুক্তিযোদ্ধা জনতা লীগের প্রতীকী অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে গিয়ে সুরঞ্জিত সেন গুপ্ত এ কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী ওই অনশন কর্মসূচি পালন করা হয়। সুরঞ্জিত সেন বলেন, "আওয়ামী লীগ সংলাপ চায়। সংলাপ সফলও করতে হবে। আর সফল সংলাপের পূর্বশর্ত হলো শেখ হাসিনার মুক্তি। শেখ হাসিনার নেতৃত্বেই সংলাপ সফল হবে।" নির্বাচন নিয়ে জনমনে সংশয়ের বিষয়টি জানিয়ে তিনি বলেন, "এ সরকার যে প্রতিশ্র"তি দিয়ে ক্ষমতায় এসেছিল, তা পূরণে এখনও মানুষকে আশ্বস্ত করতে পারেনি। ভোটার তালিকার কাজ এখনও শেষ হয়নি। এ জন্য আগামী নির্বাচন নিয়ে সংশয়-সন্দেহ দেখা দিয়েছে।" অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "আমাদের প্রধান দাবি, শেখ হাসিনার মুক্তি। জাতিকে সঙ্কট থেকে মুক্ত করতে অবিলম্বে শেখ হাসিনাকে মুক্তি দিতে হবে।" সর্বাগ্রে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, "আমাদের দাবি, আগে জাতীয় নির্বাচন করা। আগে স্থানীয় নির্বাচন নয়।" বিকাল ৫টার সময় কেন্দ্রীয় নেতারা মুক্তিযোদ্ধা জনতা লীগ নেতা-কর্মীদের অনশন ভাঙান। আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনটির সভাপতি শেখ সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক ফারুক খান, ঢাকা মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ওই সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/১৯২১ ঘ.