২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুষ্ঠানিক সংলাপের দিনক্ষণ সম্পর্কে মুখ খুলছে না সরকার

রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক সংলাপ শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের দ্বায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা বলছেন, সংলাপ কবে হবে তা বলা মুশকিল। আলোচনার সম্ভাব্য বিষয়বস্তু সম্পর্কেও ধারণা দিতে পারেননি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক সংলাপ শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের দ্বায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা বলছেন, সংলাপ কবে হবে তা বলা মুশকিল। আলোচনার সম্ভাব্য বিষয়বস্তু সম্পর্কেও ধারণা দিতে পারেননি তারা। সংলাপের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গোলাম কাদের, আনোয়ারুল ইকবাল ও হোসেন জিল্লুর রহমান মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। সচিবালয়ে ফেরার পর যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের রুটিন বৈঠক হয়েছে। আনুষ্ঠানিক সংলাপের বিষয়ে তিনি বলেন, "মূল সংলাপ কবে হবে বলা মুশকিল।" চলতি মাসে মাসে সংলাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা- প্রশ্নের জবাবে উপদেষ্টা পরিষ্কার কিছু জানাননি। তিনি বলেন, "না হওয়ার আশঙ্কা নেই, আবার হবে তাও বলছি না। পেছাবে, না এগোবে; হবে কি, হবে না; এ মুহূর্তে তার কিছুই বলতে পারছি না।" আনুষ্ঠানিক সংলাপের বিষয়ে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এ মাসে মূল সংলাপের কোনো সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে সোমবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আশাবাদী, তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।" আনুষ্ঠানিক সংলাপের আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রস্তুতিমূলক আলোচনা এরই মধ্যে শেষ করেছেন দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টা। ৭ এপ্রিল আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় তাদের প্রাক সংলাপ আলোচনা। এরপর জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, বিএনপির একাংশের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টারা। সর্বশেষ সোমবার সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে প্রাক সংলাপ হয়। আমন্ত্রণ পেয়েও প্রাক সংলাপে যায়নি বিএনপির 'দেলোয়ারপন্থী' অংশ। তবে খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, আবার আমন্ত্রণ পেলে তারা প্রাক সংলাপে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এফএফ/এসএনডি/এমএ/১৮২৩ ঘ.