ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ঐক্যের বিষয়ে কোনও কথা বলার এখতিয়ার সিইসির নেই বলে মন্তব্য করেছেন দলটির একাংশের নেতা খোন্দকার দেলোয়ার হোসেন। আমন্ত্রণ পেলে সরকারের সঙ্গে প্রাক সংলাপে যাবেন বলেও জানিয়েছেন তিনি। দেশে দুর্ভিক্ষাবস্থা চলছে দাবি করে নেতা-কর্মীদের পরিবারের একদিনের খাবার দুস্থ জনগোষ্ঠীর মধ্যে বিতরণের নির্দেশও দিয়েছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব।
নিজেকে বিএনপির বৈধ মহাসচিব দাবি করে মঙ্গলবার সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটের বাসায় খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশন স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিলে সংলাপের চিঠি আমিই পাব।"
সংলাপে দুই অংশকে ঐক্যবদ্ধ হয়ে যেতে সিইসি এটিএম শামসুল হুদার আহ্বানের প্রতিক্রিয়ায় খোন্দকার দেলোয়ার পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, "দলের ঐক্য নিয়ে বলার তিনি কে?"
সাবেক চিফ হুইপ বলেন, "বিএনপি চলে গঠনতন্ত্র অনুযায়ী। গত ২৯ অক্টোবর যে বৈঠকটি হয়েছে, তা অগঠনতান্ত্রিক। এর ওপর ভিত্তি করে কোনও সিদ্ধান্ত হতে পারে না। জোর করে কোনও কিছু চাপিয়ে দিলে তা সফল হবে না, জনগণও তা মেনে নেবে না।"
সরকারের সঙ্গে প্রাক সংলাপের আমন্ত্রণ পেলে বিএনপি যাবে বলে খোন্দকার দেলোয়ার জানান।
প্রাক সংলাপে বসতে গত সপ্তাহে উপদেষ্টাদের আমন্ত্রণে বিএনপির 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত অংশটি গেলেও 'দেলোয়ারপন্থীরা' যাননি।
দলীয় চেয়ারপার্সন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তিতে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
দলের সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান ও অধ্যক্ষ সোহরাবউদ্দিনের বাসায় গোয়েন্দার সংস্থার তল্লাশি এবং স্থ'ায়ী কমিটির দুই জন সদস্যের ওপর হুমকি ও চাপ দেওয়া হচ্ছে অভিযোগ করে খালেদা জিয়া মনোনীত মহাসচিব বলেন, "একটি বিশেষ মহল তাদের ভয়ভীতি দেখাচ্ছে; এটা কোনোভাবে কাম্য নয়।"
তবে দলের স্থায়ী কমিটির ওই দুই সদস্যের নাম উল্লেখ করেননি দেলোয়ার।
দেশে দুর্ভিক্ষাবস্থা চলছে দাবি করে দুস্থ ও দরিদ্র মানুষের পাশে নেতা-কর্মীদের দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
খোন্দকার দেলোয়ার বলেন, "দেশের মানুষ অনাহারে-অর্ধাহারে রয়েছে। এ অবস্থায় সারাদেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতেই বিএনপি তিন দিনের কর্মসূচি দিয়েছে। আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সারাদেশের দলীয় নেতা-কর্মীদের প্রতিটি পরিবারের একদিনের খাবার দুস্থ ও হতদরিদ্র জনগোষ্ঠির মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।"
দুস্থ মানুষের সহায়তায় দেশের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খোন্দকার দেলোয়ারের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সেলিমা রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, সেলিম রেজা হাবিব, হেলেন জেরিন খান, শিরীন সুলতানা, সাইমুম বেগম,হেলেন জেরিন খান, মহিউদ্দিন খান মোহন,জাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪৮ ঘ.
bdnews24