ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমন্ত্রণপত্রের চিঠিতে 'মহাসচিব' সম্বোধন না করায় নির্বাচন কমিশনের সঙ্গে বৃহস্পতিবার 'সৌজন্য সাক্ষাৎ' করবেন না বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেন। তবে তার নেতৃত্বাধীন বিএনপির পক্ষে একটি প্রতিনিধি দল কমিশনে যাবে।
বুধবার সৌজন্য সাক্ষাতের বিষয়ে কমিশনের আমন্ত্রণ পাওয়ার পর খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার রাতে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর কমিশনের চিঠিকে 'আপত্তিকর ও অগ্রহণযোগ্য' অভিহিত করে তিনি সাংবাদিকদের বলেন, "এ ধরনের আমন্ত্রণে আমি নির্বাচন কমিশনে যাচ্ছি না। তবে দলের স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কমিশনে যাবে। মূল ধারার বিএনপির বৈধ মহাসচিবকেই যাতে সংলাপের আমন্ত্রণ জানানো হয় সেজন্য কমিশনের কাছে দাবি জানাবেন তারা। তা না হলে দলের নেতা-কর্মী ও দেশবাসী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করবে না।"
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশন গঠনতন্ত্র এড়িয়ে বিএনপি মহাসচিবের পদবি উল্লেখ না করে চিঠি দিয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। তারপরও আমাদের একটি প্রতিনিধিদল কমিশনে যাবে। তারা এর প্রতিবাদ জানাবে।"
তিনি বলেন, "বিএনপিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে। সুষ্ঠু নির্বাচন হলে আগামীতেও বিএনপি সংখ্যাগরিষ্ঠের রায় নিয়ে ক্ষমতায় যাবে।"
সংসদ ভবনের ন্যাম ভবনে খোন্দকার দেলোয়ারের বাসায় এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।
এর আগে বিকেলে নির্বাচন কমিশন সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানিয়ে বিএনপির দুই অংশকেই আলাদাভাবে চিঠি দেয়। চিঠিতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজপন্থী বিএনপি নেতাদের বৃহস্পতিবার সকাল ১০টায় এবং খোন্দকার দেলোয়ারপন্থী নেতাদের দুপুর ১২টায় বৈঠকের আমন্ত্রণ জানানো হয়।
গত ১০ এপ্রিল বিএনপির সঙ্গে কমিশনের সংলাপের চিঠি নিয়ে খালেদা জিয়ার রিট খারিজ করে হাইকোর্ট। এরপর সিইসি সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি বিএনপির দুই অংশের সঙ্গে যোগাযোগ করে ঐক্যবদ্ধভাবে সংলাপে বসার অনুরোধ জানাবেন।
গত বছর ১৫ জুলাই ঘোষিত কমিশনের নির্বাচনী কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই তিন মাসে সংলাপ শেষ করে এ বছরের ফেব্র"য়ারিতে নির্বাচনী আইন চূড়ান্ত এবং মার্চে তা গেজেট আকারে প্রকাশের কথা ছিল।
একমাত্র বিএনপি ছাড়া কমিশন ১২ সেপ্টেম্বর থেকে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফার সংলাপ শেষ করে। এরপর ১৪ ফেব্র"য়ারি দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ হয় কমিশনের। কিন্তু সংলাপে বিএনপি না থাকায় কমিশন নির্ধারিত সময়ে নির্বাচনী সংস্কার আইন চূড়ান্ত করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জেকে/এমএইচবি/২২৫২ ঘ.
bdnews24