ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর দেরি না করে সবার আগে সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে তিনি বলেছেন, "সর্বাগ্রে সংসদ নির্বাচন দিন। তিন মাসে নির্বাচন দিতে পারেননি, মানুষ অধৈর্য্য হয়ে পড়েছে। আর বিলম্ব নয়। মানুষ নির্বাচন চায়।"
বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় স্পিকার বিএনপির নেতাকর্মীদের বিভক্তি ভুলে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কার্যকারিতার প্রশ্ন তুলে ১৯৯৬ সালে বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতিতে এই ব্যবস্থা চালু হওয়ার ইতিহাস টেনে তিনি বলেন, ''এটি উনাদের (জামায়াতে ইসলামী) প্রস্তাব ছিল। তারাই নাটের গুরু। আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে উনারা আন্দোলন-সংগ্রাম করে দেশে অস্থিরতা সৃষ্টি করেছিলেন। আমরা তখন সরকারে ছিলাম। ওই সময়ে আইনমন্ত্রী হিসেবে আমিই বিলটি সংসদে উপস্থাপন করেছিলাম।''
"প্রস্তাবটি উনাদের ছিল" বলার সময় স্পিকার স্মরণ সভায় থাকা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের দিকে ইঙ্গিত করেন।
তিনি আরও বলেন, "একটি অনির্বাচিত সরকার সব কাজ করতে পারে না। তাই বিলে ৯০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কারণ আমাদের বুঝতে হবে গণতন্ত্রই সব সমাধান দিতে পারে। গণতন্ত্র স্বৈরাচার হতে পারে না।''
বিএনপি একাট্টাই থাকবে উল্লেখ করে জমিরউদ্দিন বলেন, ''খোন্দকার দেলোয়ার ও মেজর হাফিজ-উভয়ের নেত্রী খালেদা জিয়া। তাহলে বিভক্তি কোথায়? নির্বাচনের তফসিল ঘোষণা হলে সকলকে মূলধারায় ফিরে আসতে হবে।''
ওবায়দুর রহমানের মূলধারা থেকে কিছুদিনের জন্য অন্যত্র যাওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, '' তিনিও নির্বাচনের আগে দলে ফিরে এসেছিলেন।''
কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির শাহ মোয়াজ্জেম হোসেন, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, মোহাম্মদ শাহজাহান, রিজভী আহমেদ, জাসদ নেতা আ স ম আবদুর রব, জামায়াতের আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ওবায়েদুর রহমানের স্ত্রী অধ্যাপিকা শাহেদা ওবায়েদ, মেয়ে শ্যামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২১২৯ ঘ.
bdnews24