২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে: আকবর আলি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দামের কারণে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলে মনে করছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান। উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরকারি বিভিন্ন সংস্থার দেওয়া তথ্যে বাস্তব চিত্রের প্রতিফলন নেই জানিয়ে এনিয়ে তীব্র অসন্তোষও প্রকাশ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 09:01 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দামের কারণে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলে মনে করছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান। উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরকারি বিভিন্ন সংস্থার দেওয়া তথ্যে বাস্তব চিত্রের প্রতিফলন নেই জানিয়ে এনিয়ে তীব্র অসন্তোষও প্রকাশ করেছেন তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে আকবর আলি খান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির কারণে দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। 'সহস্রাব্দ উন্নয়ন পরিকল্পনা' (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) নিয়ে সরকারি প্রকাশনায় বাস্তব চিত্রের প্রতিফলন নেই উল্লেখ করে এর কঠোর সমালোচনাও করেন সাবেক এ উপদেষ্টা। তিনি বলেন, "পরিকল্পনা কমিশনের প্রকাশনায় বলা হয়েছে, ২০০৭ সাল পর্যন্ত দেশের নগর এলাকার মাত্র দশমিক ১ শতাংশ মানুষ নিরাপদ পানির আওতার বাইরে ছিল। এ তথ্য দানকারী কর্মকর্তারা যদি এক সপ্তাহ ওয়াসার পানি পান করেন, তখন আমি এটা বিশ্বাস করব।" "সাত দিন ওয়াসার পানি পান করলে তাদের হাসপাতালে ভর্তি হতে হবে", দাবি করেন আকবর আলি খান। একই বিষয়ে সরকারের দুটি সংস্থার তথ্যের অসঙ্গতি তুলে ধরে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, "পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, দেশে বেকারত্বের হার ৩ শতাংশ। ওদিকে পরিকল্পনা কমিশন বলছে, এ হার ১৩ শতাংশ।" তিনি বলেন, "তারা আমাদের ঘুমপাড়ানী গান শোনাচ্ছেন। এই হিসাব যাচাই করতে রাস্তায় নামলেই আসল চিত্র বেরিয়ে পড়বে।" আকবর আলি বলেন, "আমরা যদি বড় বড় ভবন ও সড়ক বানাতে থাকি; তবে কিছুদিনের মধ্যেই বিশাল জনগোষ্ঠীর খাদ্য উৎপাদনের জন্য কৃষি জমি আর পাওয়া যাবে না।" ভূমি ও পানি- এ দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিশাল বিশাল সড়ক ও জনপথ নির্মাণের চেয়ে জলপথগুলো পুনরুদ্ধার জরুরি।" "বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যাকে যদি বাঁচানো না যায়, তাহলে পরিবেশ রক্ষা আইন দিয়ে লাভ কী"- প্রশ্ন করেন তিনি। টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি যৌথভাবে ওই সেমিনার আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের পরিচালক ড. আসাদুজ্জামান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, ইউএনডিপি'র অতিরিক্তি আবাসিক প্রতিনিধি ড. এম আমিনুল ইসলাম, শায়লা খান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের ব্যারিস্টার মঞ্জুর হাসান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে বি সাজ্জাদুর রশীদ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামার মুনীর ও সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এমআই/এমএ/১৪৫৫ঘ.