ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামীপক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
আগামী ৯ মার্চ অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
সোমবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ দিন ধার্য করেন।
এর আগে সকাল নয়টা ৪৫ মিনিটে হাসিনাকে আদালতে হাজির করা হয়।
গত ২৬ ফেব্র"য়ারি এ মামলায় শেখ হাসিনার জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ মার্চ দিন ধার্য করা হয়।
সকাল নয়টা ৫০ মিনিটে বিচারক এজলাসে আসার পর আসামীপক্ষের আইনজীবীরা মামলার নথিপত্র দেখা শেষ করতে পারেননি জানিয়ে সময় চান।
এ অবস্থায় বিচারক অভিযোগ গঠনের শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য করেন।
গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এসকে/১০২৪ঘ.
bdnews24