ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্রুত ডায়ালাইসিস না করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অবস্থার আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। দেশে তার উন্নত চিকিৎসা সম্ভব নয় বলেও মত দিয়েছেন তারা।
শনিবার বিকালে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে মেডিকেল বোর্ডের বৈঠক শেষে বোর্ডের প্রধান ও ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট ডা. মতিউর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "জলিল সাহেবকে পরীক্ষা করে সে ফলাফল পাওয়া গেছে তা ভালো নয়। তার কিডনি ডায়ালাইসিস না করালে যে কোনো মুহুর্তে হার্ট ফেল করতে পারে। তার পরিবার চাচ্ছে, কিডনি প্রতিস্থাপন করা হোক। কিন্তু দেশে এটা করা ঝুঁকিপূর্ণ। তাছাড়া জলিল সাহেব বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন। এ অবস্থায় দেশে তার উন্নত চিকিৎসা সম্ভব নয়। যেখানে গেলে উন্নত চিকিৎসা সম্ভব, সেখানেই তার চিকিৎসা করানো উচিত। এ অবস্থা চলতে থাকলে ধীরে ধীরে তার অবস্থার অবনতি হতে থাকবে।"
ছয় সদস্যের মেডিকেল বোর্ডের বাকি সদস্যরা হলেন, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক বরেণ চক্রবর্তী, কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল আলম, অধ্যাপক আনিসুল হক, অধ্যাপক আব্দুস সামাদ এবং অস্থি বিশেষজ্ঞ ডা. গৌরাঙ্গ বৈরাগী।
বোর্ডের এই রিপোর্ট কখন কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে জানতে চাইলে ডা. মতিউর রহমান বলেন, "শনিবার রাতেই এসব সুপারিশ কারা কর্তৃপক্ষকে জানানো হবে।"
কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী অসুস্থ জলিলকে দেখতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি গিয়ে দেখেছি তিনি ঘুমাচ্ছেন।"
মেজর ছিদ্দিকী এ দিন সকালেও একবার কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনের সঙ্গে হাসপাতালে গিয়ে আব্দুল জলিলকে দেখে আসেন। রাত ৯টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "আশাকরি রোববার সকালে আমরা রিপোর্ট পাবো। আজ রাতে গুরুতর কোনো পরিস্থিতি সৃষ্টি না হলে ল্যাব এইডে যাবো না।"
শনিবার দুপুরের দিকে ডা. মতিউর রহমান সাংবাদিকদের বলেন, "তার (জলিল) অবস্থা আশঙ্কাজনক। কিডনি ঠিকমতো কাজ করছে না বলে শুক্রবার রাতেই তার মাইল্ড হার্ট ফেইলিওর ডেভেলপ করেছে। ইনজেকশন দেওয়াতে অবস্থা এখন কিছুটা ভালো। তবে হঠাৎ করেই অবস্থা খারাপ হতে পারে।"
'মাইল্ড হার্ট ফেইলিওর ডেভেলপ' বিষয়টি ব্যাখা করে তিনি বলেন, "তার হৃদপিণ্ডের ওপর যে চাপ পড়ছে সেটা তিনি নিতে পারছেন না। কিডনিজনিত সমস্যা নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আরো খারাপ হবে। তার পালমোনারি ইডিমা হয়েছে। এতে করে হৃদপিণ্ডের রক্ত ফুসফুসে গিয়ে জমা হচ্ছে।"
দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের ২৮ মে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি, হৃদরোগ, রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২৩১৮ ঘ.
bdnews24