ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার একটি চাঁদাবাজি মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিলের আবেদনের (লিভ টু আপিল) শুনানি গ্রহণ শুরু করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারও শুনানি চলবে।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ সোমবার প্রথম দিনের মতো শুনানি গ্রহণ করে।
এদিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। সুপ্রিম কোর্টের বাইরে জড়ো হওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের পুলিশ কয়েক দফা ধাওয়া ও লাঠিপেটা করে।
সকাল সাড়ে ৯টার দিকে শুনানির শুরুতেই সরকার পক্ষে অতিরিক্ত অ্যটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমদ বলেন, "এ সরকারের প্রধান উদ্দেশ্য দুটি। দুর্নীতির বিচার ও নির্বাচন করা। দেশে বছরের পর বছর দুর্নীতি চলে আসছে। এই দুর্নীতির বিচারের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থা থাকাকালীন দুর্নীতির বিচার করা যাবে। হাইকোর্টের এ রায় বহাল থাকলে দুর্নীতিবাজদের বিচার করা যাবে না।"
তিনি আরও বলেন, "জরুরি অবস্থা জারির আগের ঘটনা জরুরি বিধিমালায় আনা যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ আইনের অপরাধ, সাধারণ আইনেই বিচার হচ্ছে। জরুরি বিধিমালায় মামলাটি অর্ন্তভুক্ত করার কারণে নতুন কোনো অপরাধ হয়নি। শুধু দ্রুত মামলা নিষ্পত্তি করার জন্য জরুরি বিধিমালায় অনুমোদন দেওয়া হয়েছে। সরকার জনগুরুত্বের বিবেচনায় কোনো মামলা জরুরি বিধিমালায় অনুমোদন দেয়। এজন্য আইনে দিক নির্দেশনাও আছে। জনগুরুত্বের বিবেচনায় হাসিনার মামলাটি বিধিমালায় আনা হয়েছে।"
সালাহউদ্দিন আহমদ বলেন, হাইকোর্টে হাসিনার রিটের আবেদন ও রুলের সঙ্গে হাইকোর্টের রায়ের অসঙ্গতি রয়েছে। রায়টি লম্বা হলেও সুলিখিত বলা যাবে না।
শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক শুনানিতে বলেন, "জরুরি ক্ষমতা আইন এই মামলায় প্রয়োগ করা যায় কিনা এই বিবেচনায় রিটটি দায়ের করা হয়েছে। রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা, প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ও সেবা নিশ্চিত করার জন্যই জরুরি অবস্থা জারি করা হয়েছে।"
তিনি বলেন, জরুরি অবস্থা চলাকালে কোনো মামলা করা যাবে না এমন বিধি নিষেধ আরোপ করা হয়নি। তবে আগের কোনো ঘটনার মামলা জরুরি বিধিমালায় আনা যাবে না। সরকার অপ্রয়োজনীয়ভাবে মামলাটি জরুরি বিধিমালায় নিয়েছে।
তিনি আরও বলেন, "সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারির ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি এমন কোনো আইন করতে পারেন না যা সংসদে পাস হবে না। বিচারপতিরা সংবিধান সংরক্ষণের দায়িত্ব নেন।"
শুনানির শেষ পর্যায়ে ব্যারিস্টার শফিক আহমেদ নিরাপত্তা কড়াকড়ির বিষয়টি আদালতের দৃষ্টিতে এনে বলেন, "সুপ্রিম কোর্টের সব গেটে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ, বিডিআর প্রহরায় রয়েছে। নিরাপত্তার নামে আইনজীবী ও তাদের সহকারী ও বিচারপ্রার্থীদের হয়রানি করা হচ্ছে।"
আদালত বলেন, "নিরাপত্তার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশে চারটি গেট পার হওয়ার পর আদালত ভবন দেখা যায়। উন্নত দেশে আইনজীবীসহ সংশ্লিষ্টরা পরিচয়পত্র গলায় ঝুলিয়ে আদালতে আসেন।"
শেখ হাসিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ ফেব্র"য়ারি হাইকোর্ট মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্তিকে অবৈধ ঘোষণা করে মামলার কার্যক্রম বাতিল করে দেয়। রায়ের বিরুদ্ধে ১৮ ফেব্র"য়ারি সরকার আপিল বিভাগে আপিলের আবেদন করে। ১৯ ফেব্র"য়ারি শেখ হাসিনার কৌঁসুলিদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ২৫ ফেব্র"য়ারি এর ওপর শুনানির তারিখ দেয়।
প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন।
তাতে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ পাঁচশ টাকা চাঁদা নেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করে। ওইদিনই মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা ও শেখ সেলিমের পাশাপাশি শেখ রেহানাকেও অন্তর্ভুক্ত করে তিনজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএনডি/এমএ/১৭৩০ঘ.
bdnews24