২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্যের বিষয়ে খালেদার কোনও বার্তা আমার কাছে নেই: দেলোয়ার

বিএনপির দুই অংশকে এক করার বিষয়ে কারাবন্দি খালেদা জিয়ার কোনও নির্দেশনা নেই বলে দাবি করেছেন খোন্দকার দেলোয়ার হোসেন। দলের খালেদা জিয়া মনোনীত এ মহাসচিব রোববার বলেছেন, "খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধই আছে। এ বিষয়ে কারাগার থেকে আইনজীবীর মাধ্যমে নেত্রীর কোনও বার্তা আমি পাইনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 11:12 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশকে এক করার বিষয়ে কারাবন্দি খালেদা জিয়ার কোনও নির্দেশনা নেই বলে দাবি করেছেন খোন্দকার দেলোয়ার হোসেন। দলের খালেদা জিয়া মনোনীত এ মহাসচিব রোববার বলেছেন, "খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধই আছে। এ বিষয়ে কারাগার থেকে আইনজীবীর মাধ্যমে নেত্রীর কোনও বার্তা আমি পাইনি।" তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর উন্নত চিকিৎসার দাবি জানান। সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়া ও তার দুই ছেলেকে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে পুরোপুরি অন্যায়ভাবে আটক রাখা হয়েছে।" দলের বিভক্তির বিষয়ে তিনি বলেন, "ম্যাডাম মনে করেন না, বিএনপি দ্বি-খণ্ডিত বা দুই অংশ হয়ে আছে। যারা গঠনতন্ত্রবিরোধী কাজ করে বিপথগামী হয়েছেন, তারা সে পথ থেকে সরে এসে আবেদন জানালে এ বিষয়ে চেয়ারপারসনই সিদ্ধান্ত দেবেন। অতীতে এমন অনেকেই দলে ফিরে আসার নজির রয়েছে।'' দোলোয়ার হোসেন বলেন, "বহিষ্কৃতদের বিষয়ে চেয়ারপারসনের সিদ্ধান্ত অমান্য করে আমি কিছুই করতে পারব না।" গত শুক্রবার বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেছিলেন, "বেগম খালেদা জিয়া দলকে ঐক্যবদ্ধ করতে বলেছেন। দেশ ও দলের স্বার্থে জাতীয়তাবাদী শক্তিকে তিনি এক হতে বলেছেন।" এ বিষয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "একজন ব্যারিস্টার ও আইনজীবী ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করে আমাকে জানানোর আগেই কোনও কিছু বাইরে বললে তা কোনোভাবেই বার্তা হতে পারে না। তাছাড়া কারাবন্দি কারও সঙ্গে একজন আইনজীবীর মামলা সংক্রান্ত বিষয়ের বাইরে রাজনৈতিক আলাপের সুযোগ নেই।" তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করার হচ্ছে অভিযোগ করে খোন্দকার দেলোয়ার বলেন, "জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা দেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বিধানের পরিপন্থী। নির্যাতনের কারণে তারেক রহমান শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।" এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, "নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন করার কোনও সাংবিধানিক ভিত্তি নেই। এটা করা হলে তা হবে অসাংবিধানিক।" সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আখতারুজ্জামান, শামসুজ্জামান দুদু, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, আবদুল মমিন তালুকদার, আবুল হোসেন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, ব্যারিস্টার নওশাদ জমির ওই সময় খোন্দকার দেলোয়ারের সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬৫৭ ঘ.