২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুনানি শুরু; এক জনের মনোনয়ন বৈধতা পেল

আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি শনিবার শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত এক জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। তিনি হলেন সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। >>মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনকারীর তালিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 07:03 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি শনিবার শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত এক জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। তিনি হলেন সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। সকাল ১১টায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে শুনানি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাসহ অপর দুই নির্বাচন কমিশনার এবং কমিশন সচিব উপস্থিত রয়েছেন। প্রার্থীদের উপস্থিতিতে শুনানি গ্রহণ করে সঙ্গে সঙ্গেই রায় জানিয়ে দেওয়া হচ্ছে। শনিবার ১২টা পর্যন্ত মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ১৩২টি এবং মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে ১১টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে শনিবার সকাল ১১টায় প্রথম পর্যায়ে মনোনয়ন বাতিল হওয়া (স্বতন্ত্র প্রার্থী ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গড়মিল) ১৯ জন প্রার্থী এবং বিলখেলাপি ১৫ জন প্রার্থীর শুনানি চলছে। শুনানি শেষে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান সাংবাদিকদের জানান, "নির্বাচন কমিশনের ন্যায়বিচারে আমি খুশি। আমার মনোনয়ন বৈধ হয়েছে। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ছোটখাটো ত্র"টি থাকায় রিটার্নিং অফিসার আমার মনোনয়ন বাতিল করেছিল। কমিশন আমার আবেদন শুনে মনোনয়ন বৈধ করেছে।" ৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল করা যাবে। ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ শুনানি ১০ ডিসেম্বর পর্যন্ত (ঈদুল আজহার দিন ৯ ডিসেম্বর ছাড়া) চলবে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। আসন্ন এ নির্বাচনের জন্য ২,৪৫৬ জন মনোনয়নপত্র দাখিল করলেও মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় ৫৫৭ জনের আবেদনপত্র বাতিল হয়েছে। শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণ ও বিল খেলাপের কারণে। দলভিত্তিক হিসাবে জাতীয় পার্টির সবচেয়ে বেশি প্রার্থীর (৫৯টি) মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া বিএনপি'র ৫২, আওয়ামী লীগের ৩৫ এবং জামায়াতের ৩ জন প্রার্থীর মনোয়নপত্র বাতিল করেছে কমিশন। বৃহস্পতিবার কমিশন সচিবালয়ের যুগ্মসচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঋণ ও বিল খেলাপ, আদালতের দণ্ডাদেশ, হলফনামায় ভুল তথ্য, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত ভোটারের স্বাক্ষরে অমিলসহ গণপ্রতিনিধিত্ব আদেশের নিয়ম না মানায় এসব মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এমআই/১২৫৫ ঘ.