রংপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বার্ষিক আয় ৩০ লাখ টাকা। মোট সম্পদের পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা। তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৬টি। তবে কোনো ফৌজদারী মামলায় তার সাজা হয়নি।
রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেখ হাসিনার হলফনামায় এসব দেওয়া হয়।
হলফনামায় হাসিনা বিএ পাশ করেছেন বলে উল্লেখ করে একটি সনদ জমা দিয়েছেন।
জেলা নির্বাচনী মনিটরিং অফিসার ফিরোজ আহমেদ হাসিনার তথ্য বিবরণীর বরাত দিয়ে এ কথা জানান।
হলফনামায় দেওয়া সম্পদ বিবরণীতে বলা হয়, শেখ হাসিনার কৃষি খাত থেকে বছরে আয় আসে ৪ লাখ ৫০ হাজার টাকা, বাড়ি দোকান বা অন্য খাত থেকে আয় হয় ৪ লাখ ৪৮ হাজার টাকা, শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় হয় ২০ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা।
মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত শেখ হাসিনার কাছে নগদ ছিল দেড় লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৯০৪ টাকা। যানবাহন যেমন গাড়ির অর্জনকালীন সময়ের মূল্য ছিল ৬ লাখ টাকা, স্বর্ণ ও অন্যান্য দামি অলঙ্কারের মূল্য ১৩ লাখ ২৫ হাজার টাকা। আসবাবপত্র রয়েছে ৭ লাখ ৪০ হাজার টাকার। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি রয়েছে ৪ একর জমি যার দাম ১ লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়া তার স্বামী ড. ওয়াজেদের ব্যাংকে রয়েছে ৩০ লাখ ৭৪ হাজার ৬০৩ টাকা। নগদ আছে ৬০ হাজার ৬৭১ টাকা। আসবাবপত্র রয়েছে ১০ হাজার টাকা এবং স্বর্ণ রয়েছে আড়াই হাজার টাকার। তার নামে ৩ একর জায়গা আছে যার মুল্য ১৫ হাজার টাকা। একটি আবাসিক ভবনের মূল্য ধরা হয়েছে ৬৪ লাখ ৩ হাজার ৯৫২ টাকা।
হলফনামায় হাসিনার কোনো দায় দেনা কিংবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই বলে জানানো হয়।
হাসিনা তার বিরুদ্ধে যেসব ফৌজদারী মামলা রয়েছে তার বিবরণও দিয়েছেন হলফনামায়। তাতে বলা হয়- তার বিরুদ্ধে ১৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১০টি হাইকোর্টে স্থগিত, চারটি তদন্তাধীন, একটি পুনঃতদন্তাধীন এবং একটির চূড়ান্ত প্রতিবেদন হয়েছে।
তার বাসার ঠিকানায় উল্লেখ করা হয় সুধা সদন, বাড়ি নম্বর ৫৪, সড়ক নম্বর ৫, ধানমন্ডি, ঢাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২৩৫ঘ.
bdnews24