২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল বদল করে প্রার্থী হলে 'নতুন দলের' তৃণমূলের সম্মতি নিতে হবে

দল বদল করে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে নতুন দলের তৃণমূলের সম্মতি বিবেচনায় আনতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। >>নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোর নামের জন্য ক্লিক করুন-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল বদল করে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে নতুন দলের তৃণমূলের সম্মতি বিবেচনায় আনতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নবম সংসদের জন্য চূড়ান্তভাবে ৩৯টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনের যুগ্মসচিব ও নিবন্ধন আবেদন বাছাই কমিটির প্রধান নুরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা জানান। মনোনয়ন না পাওয়া সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের আগ মুহূর্তে দল বদল করে প্রার্থী হতে পারবেন কিনা- জানতে চাইলে নুরুল ইসলাম খান নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নের জন্য দলীয় গঠনতন্ত্রে তৃণমূল থেকে প্রার্থী মনোনয়নের ব্যবস্থা রাখার নতুন বিধির উল্লেখ করে বলেন, "আমরা আশা করছি, দল বদল করে কারো প্রার্থী হতে বাধা না থাকলেও দলগুলো গঠনতন্ত্র অনুসরণ করে মনোনয়ন দেবে।" ইতোমধ্যে অনেক মনোনয়ন প্রত্যাশী নিজ দল থেকে মনোনয়ন না পেয়ে অন্য দলে যোগ দিচ্ছেন। অন্যদের মধ্যে আগের দল বদলে বিএনপিতে যোগ দিয়েছেন পিডিপির শরফুদ্দিন আহমেদ সান্টু, জাতীয় পার্টির মাহবুব হোসেন, এলডিপি'র তাজুল ইসলাম, এইচ এম গাফ্ফার, কামরুন্নাহার জাফর, নূর মোহাম্মদ মণ্ডল প্রমুখ। তৃণমূলের সুপারিশ উপেক্ষা করে কাউকে মনোনয়ন দিলে তা সংশ্লিষ্ট বিধির লঙ্ঘন মন্তব্য করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) একেএম সলিমউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''কমিশন সুনির্দিষ্ট অভিযোগ পেলে যে কোনো সময় রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চাইতে পারে। আমরা আশা করবো, নির্বাচনী আইন ও দলীয় গঠনতন্ত্র অনুসরণ করার ক্ষেত্রে দলগুলোই যথাযথ ভূমিকা রাখবে। এতে আইনি সংস্কারের লক্ষ্য অর্জিত হবে।'' সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(ঞ) ধারা অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী হতে হলে তিন বছর সংশ্লিষ্ট দলের সদস্য থাকার নিয়মের উল্লেখ করে সলিমউল্লাহ বলেন, নিবন্ধনের তিন বছর পর থেকে এ ধারা প্রযোজ্য হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ায় দশম সংসদ নির্বাচন থেকে আইনটি কার্যকর হবে। সুতরাং এবার নির্বাচনের আগ মুহূর্তে দলবদল করে নবম সংসদ নির্বাচনে প্রার্থিতার সুযোগ থাকলেও আগামী সংসদ নির্বাচন থেকে তা বন্ধ হয়ে যাবে। এদিকে নিবন্ধন আবেদন বাছাই কমিটির প্রধান নুরুল ইসলাম খান জানান, নবম সংসদের জন্য ৩৯টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে ইসি। আবেদনকারী ১০৭টি দলের মধ্যে ৬৮টি দল এবার নিবন্ধন পাচ্ছে না। সর্বশেষ গত ২০ নভেম্বর নির্বাচন কমিশন ৩৭টি নিবন্ধিত দলের তালিকা চূড়ান্ত করে। গত ২৩ নভেম্বর পুনঃতফসিল ঘোষণার পর মনোনয়নের সময় বাড়ায় আরো দুটো দল নিবন্ধিত হওয়ার সুযোগ পায়। এই ৩৯টি দলের বাইরে আর কোনো দল এবারের নির্বাচনে নিবন্ধন পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের পর থেকে আবার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানান কমিশনের কর্মকর্তারা। নতুন নির্বাচনী আইন অনুযায়ী, শুধু নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে। নিবন্ধিত দলের পক্ষে 'তৃণমূল নেতাদের সুপারিশের ভিত্তিতে' একটি প্যানেল মনোনয়ন দাখিল করার পর দলের সাধারণ সম্পাদক একজনকে চূড়ান্ত মনোনয়ন দিলে অন্যদের মনোনয়ন বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে দলের কোনো বিদ্রোহী প্রার্থী থাকার সুযোগ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসকে/২১৩২ঘ.