ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী আসন্ন সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী, সব দলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন হবে। সব দলই এখন নির্বাচনমুখী।"
এর আগে বৃহস্পতিবারই নির্বাচন কমিশন (ইসি) আসন্ন নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের ঘোষণা দেয়। এতে সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের তারিখ পিছিয়ে ১ ডিসেম্বর করা হয়েছে।
রাজনৈতিক সমঝোতা হলে নির্বাচন পেছানো হবে কিনা- জানতে চাইলে সাখাওয়াত বলেন, "রাজনৈতিক সমঝোতার বিষয়টি দেখছে সরকার। ইসি রাজনৈতিক সমঝোতা করে না। তবে কৌশলগত আলাপ-আলোচনা (টেকনিক্যাল নিগোসিয়েশন) দেখছে। উপদেষ্টারা কোনো ইনপুট দিলে কমিশন তা বিবেচনা করবে।"
নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে তিনি আরও বলেন, "সমঝোতায় কী হয়, তার ওপরই এটা নির্ভর করছে। প্রয়োজনে অনেক কিছু করা যায়। তবে আইনি বাধ্যবাধকতার কারণে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন করতে হবে।"
বুধবার প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সাংবাদিকদের জানান, রাজনৈতিক সমঝোতা হলে ২৮ ডিসেম্বর সংসদ নির্বাচন করার পরিকল্পনার কথা সরকারকে জানানো হয়েছে। আদালতের নির্দেশনা থাকায়, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন করতে হবে।
তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে কথা বলতে চাইলে আমরা প্রস্তুত আছি।"
মনোনয়ন দাখিলের সময়সীমা বাড়ানোর ব্যাখ্যায় সাখাওয়াত হোসেন বলেন, "সরকার ও রাজনৈতিক জোটের সঙ্গে আলাপ-আলোচনা চলছিল। এখানে সমঝোতার একটা সম্ভাবনা ছিল। যার কারণে অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে স্থির সিদ্ধান্ত নিতে পারেনি।"
তিনি বলেন, "প্রার্থীদের অনুরোধ এবং মনোনয়নের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুবিধার্থে পুনঃতফসিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
দুই দফায় তফসিলে কিছু পরিবর্তন এলেও নবম সংসদ নির্বাচনের তারিখ ১৮ ডিসেম্বর এখন পর্যন্ত ঠিক আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/১৪১১ ঘ.
bdnews24