২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ জিতলে রাষ্ট্রপতি হওয়ার আশা এরশাদের

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট জিতলে রাষ্ট্রপতি হওয়ার আশা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা. নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট জিতলে রাষ্ট্রপতি হওয়ার আশা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বনানীতে নিজ কার্যালয়ে মঙ্গলবার বিকেলে দলের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এরশাদ বলেন, "শেখ হাসিনার সঙ্গে আমার কিছুটা আলোচনা হয়েছে। তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় পার্টি ও আওয়ামী লীগ জোটবদ্ধভাবে নির্বাচন করবে ও জিতলে সরকার গঠন করবে।" এর আগে মঙ্গলবার দুপুরে ধানমণ্ডির সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে সাবেক এ সেনাশাসকের বৈঠক হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট নির্বাচনে জিতলে নিজের রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে আশা প্রকাশ করে এরশাদ বলেন, "আজ এটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তবে আগে একটি লিখিত চুক্তি হয়েছিল। চুক্তিটি বলবৎ আছে বলেই জানি।" তিনি বলেন, "বিএনপি নেত্রীর আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত কী হবে জানি না। তবে নির্বাচনের সময় পেছানো হলে বুধবার জাতীয় পার্টির চারজন নেতা আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসবেন। জোটের মধ্যে জাতীয় পার্টির অবস্থান কী হবে বা আসন ভাগাভাগির বিষয়গুলো সেখানে চূড়ান্ত করা হবে। আর নির্বাচন পেছানো না হলে এ বিষয়ে আলোচনা হবে ২২ নভেম্বর ।" ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 'মহাজোটে' যোগ দিয়েছিল জাতীয় পার্টি। মঙ্গলবারের ব্রিফিংয়ে এরশাদের সঙ্গে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ, জিয়াউদ্দীন বাবলু, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এসকে/২১৫২ঘ.