ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দিনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে এক হাজারের বেশি 'বাছাই ফরম' বিক্রি করেছে আওয়ামী লীগ। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার সকালে আসন্ন সংসদ নির্বাচনের জন্য বাছাই ফরম বিক্রি শুরু করে দলটি।
সকাল পৌনে ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম ফরমটি তোলা হয় শেখ হাসিনার জন্য। গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনের জন্য আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে ফরম তোলেন তার স্বামী ওয়াজেদ মিয়ার ভাস্তে তাজিমুল ইসলাম শামীম। বিকেলে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে হাসিনার জন্য ফরম তোলেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।
মনোনয়ন প্রত্যাশীদের ভিড় আর সমর্থকদের মিছিল-শ্নোগানে প্রায় সারাদিনই মুখরিত থাকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
দলের কেন্দ্রীয় বিভাগীয় উপকমিটির সহসম্পাদক মৃণাল কান্তি দাশ জানান, প্রথম দিনে ঢাকা বিভাগের জন্য ফরম তোলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ চারশ'রও বেশি মনোনয়ন প্রত্যাশী।
এদিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসনের জন্য ১৯৪টি, বরিশাল ৯২টি, সিলেট ৫০টি, খুলনা ১১৫টি এবং রাজশাহী বিভাগের জন্য ১৬২টি ফরম বিক্রি হয় বলে মৃণাল কান্তি জানান।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হাবিবুর রহমান সিরাজ বরিশাল-২ আসনের জন্য, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত সিলেট ১ আসনের জন্য, শিক্ষা বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নাহিদ সিলেট ৬ আসনের জন্য, সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসনের জন্য, মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম ৮, ৯ ও ১০ আসনের জন্য, অধ্যাপক আলী আশরাফ কুমিল্লা-৭, ডা. দীপু মণি চাঁদপুর-৪, ওবায়দুল কাদের নোয়াখালী-৫, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুর-২, হাসান মাহমুদ চট্টগ্রাম-৬, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম কুমিল্লা-৯ আসনের জন্য ফরম তোলেন।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছয়টি বিভাগের জন্য আলাদা কক্ষে ফরম বিক্রির ব্যবস্থা করেছে আওয়ামী লীগ। সাড়ে ৭ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন প্রত্যাশীরা ফরম নিচ্ছেন। ফরম বিক্রি ও জমা নেওয়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত। পুরো বিষয়টির সমন্বয় করছেন মৃণাল কান্তি দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/প্রতিনিধি/জেকে/২২১৫ ঘ.
bdnews24