ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে নিবন্ধন সনদ নিয়েছে আওয়ামী লীগ।
বুধবার দলটির দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান ইসি সচিবালয়ে গিয়ে নিবন্ধন সনদ তোলেন।
একই দিন কৃষক-শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) ও ন্যাশনাল আওয়ামী পার্টিও (ন্যাপ) নিবন্ধন সনদ তোলে।
বুধবার দুপুর পর্যন্ত ১২টি রাজনৈতিক দল নিবন্ধন সনদ তুলেছে। বিএনপি ও জামায়াতে ইসলামীও এর মধ্যে রয়েছে।
ইসি এখন পর্যন্ত ১৫টি দলের নিবন্ধন সনদ চূড়ান্ত করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
নিবন্ধন সনদ তোলার পর আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, "আমরা আনন্দিত। আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ে আমরা আশাবাদী।"
আওয়ামী লীগ গত ১৫ অক্টোবর নিবন্ধনের আবেদন ইসিতে জমা দেয়।
নতুন বিধি অনুযায়ী, ইসিতে নিবন্ধন ছাড়া কোনও দল নির্বাচনে অংশ নিতে পারবে না।
আব্দুল মান্নান জানান, উপজেলা নির্বাচনের বিষয়ে আলোচনায় বুধবার বিকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসিতে যাবে।
আগামী ১৮ ডিসেম্বর সংসদ এবং ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তবে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দল উপজেলা নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২৩৫ ঘ.
bdnews24