ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত মামলার রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়ায় সন্তুষ্ট কিংবা আনন্দিত হওয়ার কিছু নেই বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়।
একইসঙ্গে তিনি বলেছেন, হাইকোর্টের রায়ের ওপর ভিত্তি করেই নির্বাচনের তফসিল ঘোষণা করা কোনোভাবে যুক্তিসঙ্গত নয়।
রোববার সীমানা পূনর্নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের রায়ের পর দুপুরে গয়েশ্বর চন্দ্র রায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এ রায়ে সন্তুষ্ট কিংবা আনন্দিত হওয়ার কিছু নেই। কারণ হাইকোর্টের রায় আপাতত মীমাংসিত মনে হলেও মামলার আবেদনকারীর উচ্চতর আদালতে আপিল করার সুযোগ রয়েছে। সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না।''
তিনি বলেন, ''তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের মতৈক্য হওয়া প্রয়োজন। এর আগে তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা করা ঠিক হবে না।''
তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে যেসব বিষয়ে মৌখিক মতৈক্য হয়েছিল, তা বাস্তবায়ন করার দায়িত্ব তাদেরই। এছাড়া রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়টি এখনো কমিশন চূড়ান্ত করেনি। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক হওয়ায় তা চূড়ান্ত না হওয়ার আগে তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশনের আরেকটি আইনি জটিলতায় জড়ানোর সম্ভাবনা রয়েছে।
বিএনপির এ নেতা মনে করেন, "নির্বাচন কমিশনের কাছে প্রার্থীতা বাতিলে যে ক্ষমতা নতুন প্রণীত আচরণবিধিতে দেওয়া হয়েছে, সে বিষয়েও কমিশনকে নুতনভাবে সিদ্ধান্ত নিতে হবে। নইলে রাজনৈতিক দলের কোনো প্রার্থীই নির্বাচনে নিরাপদ নন। এসব বিষয়গুলো সুরাহা না করে তফসিল ঘোষণা কোনোভাবেই সঠিক হবে না।''
রোববার সকালে হাইকোর্ট সীমানা পুর্ননির্ধারণ সংক্রান্ত মামলার রিট আবেদন খারিজ করে দেয়। সন্ধ্যায়ই নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা প্রধান নির্বাচন কমিশনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৬২৬ ঘ.
bdnews24