২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির পদত্যাগ দাবি ষড়যন্ত্রমূলক: জিল্লুর

বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগে খালেদা জিয়ার দাবিকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 09:28 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগে খালেদা জিয়ার দাবিকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, "ওই বক্তব্য ষড়যন্ত্রমূলক। এ ধরনের দাবি জাতীয় নির্বাচনের জন্য ক্ষতিকর।" বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়- এ অভিযোগ তুলে শুক্রবার প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সদস্যদের পদত্যাগ দাবি করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদার ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জিল্লুর রহমান ওই কথা বলেন। তিনি আরও বলেন, "১৮ ডিসেম্বর যে কোনও মূল্যে নির্বাচন হতেই হবে।" তবে তফসিল ঘোষণা দেরি হওয়ায় নির্বাচন নিয়ে সংশয় কাটছে না বলে মনে করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি বলেন, "তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে সংশয় দূর হবে না।" আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে ঢাকাস্থ গৌরনদী ও আগৈলঝাড়া আওয়ামী লীগ সমর্থক ফোরাম শহীদ মিনারে প্রতীক অনশন কর্মসূচি পালন করে। জিল্লুর রহমান ওই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। তিনি জানান, শেখ হাসিনা আগামী ১০ নভেম্বর দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫১৮ ঘ.