২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থার মধ্যে নির্বাচন চায় না আমেরিকা: জয়

জরুরি অবস্থার মধ্যে আমেরিকা বাংলাদেশে নির্বাচন চায় না বলে জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জরুরি অবস্থার মধ্যে আমেরিকা বাংলাদেশে নির্বাচন চায় না বলে জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয় শুক্রবার সন্ধ্যায় সোয় সাতটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড বাউচার বলেছেন, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হোক তারা তা চায় না।" জয় জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তরে ৩০ অক্টোবর (বাংলাদেশ সময় শুক্রবার) স্থানীয় সময় সকাল দশটায় ঘন্টাব্যাপি বৈঠকটি হয়। বৈঠকে হাসিনার সঙ্গে জয়ও উপস্থিত ছিলেন। হাসিনাপুত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা (আমেরিকা) চায় না জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হোক। নির্বাচন কোনো ভাবে বিলম্বিত হোক এটাও তারা চায় না। বাউচার মিটিংয়ের এক পর্যায়ে বলেছেন, 'যতই সমস্যা হোক আমরা চাই - সব সমস্যার সমাধান করে আগামী ১৮ ডিসেম্বরেই নির্বাচন হোক'।" নির্বাচন কমিশন প্রার্থীদের ছবিসহ ভোটার তালিকা না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সে প্রসঙ্গেও বৈঠকে আলোচনা হয়েছে বলে জয় জানান। তিনি বলেন, "প্রার্থীরা যদি ছবিসহ ভোটার তালিকা না পায় তা হলে নির্বাচনে কারচুপির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। বাউচার বলেছেন, তারা এই বিষয়টির দিকে নজর রাখবেন।" এদিকে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল চারটায় (বাংলাদেশ সময় শুক্রবার) ভার্জিনিয়ায় জয়ের বাসায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। মেনন প্রায় দু"ঘন্টা সেখানে ছিলেন। শেখ হাসিনার সঙ্গে মেননের কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে জয় বলেন, "ইলেকশনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনী জোট নিয়েও আলোচনা হয়েছে। তবে, নির্বাচনী জোটের বিষয়ে এখনো কিছূ চূড়ান্ত হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/২০০০ ঘ.