ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
তার বিরুদ্ধে এ অভিযোগ এনে শনিবার মামলা করার চেষ্টা করেন বিএনপি-জামায়াত জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। তবে আইনি জটিলতার কারণ দেখিয়ে সে মামলা পুলিশ নেয়নি।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাসান মশহুদ বলেন, "আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়।"
তবে ওই ধরনের একটি ঘটনা ঘটেছিল- স্বীকার করে তিনি বলেন, "যারা তাতে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ নিয়ে দুটি মামলাও চলছে।"
মানহানির কোনও মামলা করার পরিকল্পনা আছে কিনা- জানতে চাইলে সাবেক সেনাপ্রধান মশহুদ বলেন, "যে কেউ অভিযোগ আনতে পারেন। সেটা খণ্ডন করার দায়িত্ব আমার। এর বিরুদ্ধে আইনি লড়াই হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের কড়া সমালোচক মাহমুদুর রহমানের অভিযোগ, ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় হাসান মশহুদ বৈদেশিক মুদ্রা লেনদেন খাতে লোকসান দেখিয়ে ব্যাংকের প্রায় ২০ কোটি টাকা বিদেশে পাচার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/এমআই/এসকে/১৭৩৮ঘ.
bdnews24