ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন- তত্ত্বাবধায়ক সরকারের কাছে এ ঘোষণা চায় আওয়ামী লীগ। শীর্ষস্থানীয় কয়েকজন নেতা শুক্রবার দলের এই অবস্থান তুলে ধরেন।
সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, "সরকারকে স্পষ্ট ঘোষণা দিতে হবে যে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন। এই ঘোষণা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।"
বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে 'বর্নি কল্যাণ সমিতি' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা শ্রমিক লীগের এক সভায় সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, "সরকার কথা দিয়েছে, শেখ হাসিনাকে স্থায়ী মুক্তি দেওয়া হবে। আশা করছি, তারা (সরকার) কথা রাখবে। শেখ হাসিনা ছাড়া দেশে কোনও নির্বাচন হতে পারে না।"
বিকেলে বর্নি কল্যাণ সমিতির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, "সরকারের সঙ্গে সংলাপে আমাদের মূল দাবিই ছিলো শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি এবং তার নেতৃত্বে আমাদের নির্বাচনে অংশগ্রহণ।"
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "তিনি (শেখ হাসিনা) মনোনয়ন দেবেন এবং নির্বাচনের প্রচারণায় অংশ নেবেন। নির্বাচনের পর তিনিই দেশের নেতৃত্ব দেবেন।"
আব্দুর রাজ্জাক বলেন, "নেত্রী (হাসিনা) আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন। তিনি আমাদের দলের নেত্রী ছিলেন এবং থাকবেন। তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।"
১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রাজ্জাক।
সরকারের সঙ্গে বৃহস্পতিবারের সংলাপের প্রসঙ্গ টেনে সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেন, "আমরা সংলাপে নেত্রীর মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছি। নেত্রী নির্বাচন করবেন, তাকে নির্বাচন করতে দিতে হবে- এ নিয়ে কোনো প্রশ্নই নেই।"
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তোফায়েল বলেন, "সংলাপে তিন ঘণ্টার মধ্যে এক ঘণ্টা কথা হয়েছে উপজেলা নির্বাচনের সময়সূচি নিয়ে। আমরা বলেছি, দুই নির্বাচনের মধ্যে সময়ের ব্যবধান কম হলে উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২৩১১ ঘ.
bdnews24