২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধনের জন্য বিজেপিকে নতুন করে আবেদন করতে বলেছে ইসি

গণপ্রতিনিধিত্ব আদেশের যে বিধিতে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছে তা যথাযথভাবে পূরণ না হওয়ায় দলটিকে নিবন্ধন দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 12:49 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপ্রতিনিধিত্ব আদেশের যে বিধিতে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছে তা যথাযথভাবে পূরণ না হওয়ায় দলটিকে নিবন্ধন দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এক গণ বিজ্ঞপ্তি জারি করে কমিশন দলটিকে অন্য বিধির শর্ত পূরণের মাধ্যমে আগামী ২৬ অক্টোবরের মধ্যে আবার আবেদন করতে বলেছে। আওয়ামী লীগ ও বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করে বৃহস্পতিবার আলাদা গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। শুক্রবার জাতীয় দৈনিকগুলোতে এসব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিবন্ধনের আবেদনে বিজেপি জানায়, ২০০১ সালের নির্বাচনে তারা একটি আসন পেয়েছিল। এই 'যোগ্যতার' ভিত্তিতেই তারা কমিশনের কাছে নিবন্ধনের দাবি জানায়। কমিশনের যাচাই বাছাইয়ে দেখা যায়, ২০০১ সালের নির্বাচনে বিজেপির (না-ফি) নাজিউর রহমান মঞ্জু 'ধানের শীষ' প্রতীক নিয়ে একটি আসনে বিজয়ী হন। কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু দলটি বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করেছিল সেহেতু ওই আসনের ভিত্তিতে তাদের নিবন্ধন দেয়ার কোনো অবকাশ নেই। দলটিকে অন্য শর্ত পূরণ করে ২৬ অক্টোবরের মধ্যে নতুনভাবে আবেদন করতে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নৌকা প্রতীক চেয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য গত ১৫ অক্টোবর কমিশনে দরখাস্ত করেন। যাচাই বাছাইয়ের পর কমিশন দলটির নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করেছে। এ ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে আগামী ২৬ অক্টোবরের মধ্যে কমিশনকে তা লিখিতভাবে জানাতে হবে। একইভাবে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) চাকা প্রতীক চেয়ে আবেদন করায় কমিশন তাদেরও নিবন্ধন দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে। এ দলটিকে নিবন্ধন দেয়ার ব্যাপারেও কারো কোনো আপত্তি থাকলে ২৬ অক্টোবরের মধ্যে কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন আবেদন যাচাই-বাছাই কমিটির প্রধান ও কমিশনের যুগ্ম সচিব নুরুল ইসলাম খান জানান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গত ২০ অক্টোবর প্রথম দল হিসেবে নিবন্ধন পায়। জাতীয় পার্টি (জেপি) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নিবন্ধন প্রক্রিয়াও গণবিজ্ঞপ্তি শেষে চূড়ান্ত হয়ে আছে। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "বড় দলগুলো গঠনতন্ত্র সংশোধন করে যে সহযোগিতা করছে, তাতে নিবন্ধন প্রক্রিয়া সহজ হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি শিগগিরই নিবন্ধন পাচ্ছে।" আগামী ৩০ তারিখের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে ১ বা ২ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জটিলতার কারণে কমিশন বিকল্প কিছু ভাবছে কি না জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "এখনো কোনো বিকল্প ভাবা হচ্ছে না। আশা করি, আদালতে অচিরেই বিষটির নিস্পত্তি হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/১৮৪০ ঘ.