২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার-বিএনপি ফের সংলাপ বৃহস্পতিবার সন্ধ্যায়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির সঙ্গে আবার বসছে সরকারের উপদেষ্টারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির সঙ্গে আবার বসছে সরকারের উপদেষ্টারা। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার সেনানিবাসের বাসায় সরকারের পাঁচ উপদেষ্টার বৈঠকের পর বনানীর ডিওএইচএস কমিউনিটি সেন্টারে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। হোসেন জিল্লুর বলেন, "১৮ ডিসেম্বর নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে জোরালো ঐকমত্য পোষণ করেছেন বিএনপি চেয়ারপারসন। তবে নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরির ক্ষেত্রে তাদের কিছু বক্তব্য রয়েছে। সে বিষয়গুলো নিয়ে আগমীকাল আমরা পূর্ণাঙ্গভাবে আলোচনা করব।" তিনি বলেন, "জনপ্রনিধি নির্বাচনে নেতিবাচক ভাবমূর্তির ব্যক্তিদের মনোনয়ন না দেয়া এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার বিষয়ে খালেদা জিয়াও আমাদের সঙ্গে ঐকমত্য পোষণ করেছেন।" বৈঠকে জরুরি অবস্থা নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে বিএনপি তাদের অবস্থান আমাদের জানিয়েছে। আমরা বলেছি, ভোটারদের নিরাপত্তা ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনে যেসব ব্যবস্থা রাখা দরকার সেগুলোর জন্য যা কিছু করণীয় তা আলোচনার মাধ্যমেই করা হবে।" সরকার জরুরি অবস্থার ব্যাপারে 'একগুঁয়ে' অবস্থানে রয়েছে- এমন ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আওয়ামী লীগের সঙ্গে সরকারের সংলাপ হবে। পরে সন্ধ্যায় হবে বিএনপির সঙ্গে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ দুটি দলের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের 'সফল পরিসমাপ্তি' ঘটবে বলে আশা প্রকাশ করেন হোসেন জিল্লুর। সন্ধ্যা ৭টা ৪৫ থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে সরকারের পক্ষে ছিলেন আইন উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান। বৈঠকের পর পাঁচ উপদেষ্টা ৯টা ৪০এ ডিওএইচএস কমিউনিটি সেন্টারে আসেন। তবে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে হোসেন জিল্লুর ছাড়া অন্য উপদেষ্টারা কোনো কথা বলেননি। গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পাওয়ার পরদিন সরকারের চার উপদেষ্টা খালেদার বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। দুই ঘণ্টার সেই বৈঠকে সংলাপ ও নির্বাচন নিয়ে আলোচনা হয়। এরপর গত ১৪ অক্টোবর সরকারের সঙ্গে প্রথম দফা সংলাপে বসেন বিএনপি নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২৩০৫ ঘ.